07/13/2026 প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
Special Correspondent
১২ July ২০২৬ ১৮:৪৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধা ও সাধারণ—উভয় ক্যাটাগরিতেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
ফলাফলের মূল পরিসংখ্যান
এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রী ৫৪ দশমিক ৭১ শতাংশ (৪৩,৩৫৪ জন) এবং ছাত্র ৪৫ দশমিক ২৯ শতাংশ (৩৫,৮৯২ জন)। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ছাত্রীরা প্রায় ১০ শতাংশ বেশি বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুল বৃত্তি: ছাত্র ১৬,৩৯৮ জন ও ছাত্রী ১৬,৫৬৭ জন (ছাত্রীদের সংখ্যা ১৬৯ জন বেশি)।
সাধারণ বৃত্তি: ছাত্র ১৯,৪৯৪ জন ও ছাত্রী ২৬,৭৮৭ জন (ছাত্রীদের সংখ্যা ৭,২৯৩ জন বেশি)।
পরীক্ষায় অংশগ্রহণ
এ বছর সরকারি ও বেসরকারি মিলে মোট ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। পরীক্ষায় অংশ নিতে মোট ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও চূড়ান্তভাবে ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৬৫ দশমিক ১১ শতাংশ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভবিষ্যৎ বৃত্তি ও টাকার পরিমাণ
বর্তমানে মেধাবৃত্তিতে এককালীন ২২৫ টাকা ও মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিতে এককালীন ২২৫ টাকা ও মাসে ২২৫ টাকা দেওয়া হচ্ছে। তবে মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, ২০২৬ সালের পরীক্ষা থেকে বৃত্তির অর্থের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী মেধাবৃত্তির মাসিক ভাতা ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির ভাতা ৪৫০ টাকা করার পরিকল্পনা রয়েছে।
ফলাফল নিয়ে জটিলতা ও তদন্ত
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল অনলাইনে ছড়িয়ে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী এহছানুল হক মিলন জানান, জেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলা থেকে সবচেয়ে বেশি (৪,৬৮২ জন) এবং বান্দরবান জেলা থেকে সবচেয়ে কম (১৮৮ জন) শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র