07/15/2026 পাঠের বটতলায় মেকলির দীর্ঘ ছায়া: জ্ঞানের মৃত প্রজাপতি, মুমূর্ষু শিক্ষা, সংকটের খোলসে বন্দি মানবিকতা ও জাতীয় চেতনার সূর্যাস্ত
Dr Mahbub
১৪ July ২০২৬ ১৮:৪৩
স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কি সত্যিই জাতীয় চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, বৈজ্ঞানিক মনন এবং মানবিক শিক্ষাদর্শনের ওপর দাঁড়িয়ে আছে, নাকি এখনও ঔপনিবেশিক উত্তরাধিকার, পরীক্ষাকেন্দ্রিকতা, নীতিগত অস্থিরতা এবং আদর্শিক বিভ্রান্তির ভার বহন করছে? এই গবেষণাভিত্তিক সাহিত্যধর্মী ফিচারটি বাংলাদেশের শিক্ষাদর্শনের ঐতিহাসিক বিবর্তন, পাঠ্যক্রমের দর্শন, জাতীয় পরিচয়, মুক্তিযুদ্ধের চেতনা, স্থানীয় জ্ঞান, শিক্ষক, মূল্যায়নব্যবস্থা এবং শিক্ষা সংস্কারের মৌলিক প্রশ্নগুলোকে সমালোচনামূলক বিশ্লেষণের আলোকে পুনর্বিবেচনা করেছে। একই সঙ্গে আলোচিত হয়েছে শিক্ষা কি কেবল দক্ষ মানবসম্পদ তৈরির উপায়, নাকি একটি জাতির চিন্তা, মূল্যবোধ, গণতান্ত্রিক চেতনা, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং ভবিষ্যৎ নাগরিকত্ব নির্মাণের ভিত্তি। নীতি, দর্শন, ইতিহাস এবং বাস্তবতার সংলাপের মধ্য দিয়ে এই ফিচারটি বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও জাতীয় ঐকমত্যভিত্তিক শিক্ষাদর্শনের প্রয়োজনীয়তার প্রশ্ন উত্থাপন করেছে।
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়েও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যেন এক গভীর আত্মপরিচয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের আলোকময় উত্তরাধিকার; অন্যদিকে ঔপনিবেশিক শিক্ষাদর্শনের দীর্ঘ ছায়া, নীতির ঘনঘন পরিবর্তন, বিদেশি উন্নয়ন-সহযোগিতার শর্তনির্ভর সংস্কার, পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়নের সংস্কৃতি এবং ক্রমবর্ধমান সামাজিক প্রতিযোগিতা। ফলে শ্রেণিকক্ষের প্রাণবন্ত শিক্ষাজগৎ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে নম্বর, সনদ ও পরীক্ষার অনুশীলনে; জ্ঞানের জীবন্ত প্রজাপতি যেন নিঃশব্দে পরিণত হচ্ছে কেবল প্রদর্শনীর নিস্তেজ নমুনায়। স্মৃতির বটতলায় দাঁড়িয়ে তাই আজ নতুন করে প্রশ্ন জাগে—আমাদের শিক্ষার শিকড় কি এখনও বাংলাদেশের মাটি, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রোথিত, নাকি তা এখনো মেকলীয় উত্তরাধিকারের অদৃশ্য শেকলে আবদ্ধ? এই গবেষণাভিত্তিক সাহিত্য-ফিচার সেই মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে চায়। ইতিহাস, দর্শন, নীতি, সমাজমনস্তত্ত্ব ও সমকালীন শিক্ষাবাস্তবতার আন্তঃসম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে এটি অনুসন্ধান করবে কেন জাতীয় চেতনা শিক্ষার ভিত থেকে ক্রমশ সরে যাচ্ছে এবং কীভাবে একটি স্বকীয়, মানবিক, বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক 'বাংলাদেশি শিক্ষাদর্শন' ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পথরেখা নির্মাণ করতে পারে।
শীতের নির্জন সকাল। রাজশাহী কলেজের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এক পঞ্চাশোর্ধ্ব অধ্যাপক মুঠোফোনের পর্দায় ক্লাসের রুটিন দেখছেন। পাশেই এক শিশু পকেট থেকে বের করে এক টুকরো পাউরুটি ফেলে গেছে, যার গায়ে মুদ্রিত 'জাতীয় সংসদ ভবনের ছবি'। অধ্যাপকটি বুড়ো আঙুলে ওই রুটির টুকরোটি উল্টে-পাল্টে দেখেন। চোখ পড়ে শহীদ মিনারের বর্ণমালায়। মনে প্রশ্ন জাগে—এই বর্ণমালার মাধ্যমে আমরা কি সত্যিই আমাদের জাতীয় চেতনাকে বাঁচতে শেখাতে পেরেছি? নাকি বর্ণমালা শুধু পরীক্ষার হলে উড়ে আসা অক্ষরের মিছিল, যার গায়ে নেই আমাদের মাটির গন্ধ?
একটি প্রজাপতি যেন কখনো ধুলায় মাখামাখি হয়নি—আমাদের শিক্ষাব্যবস্থা সেই রকম নির্বাসিত। এর জানালা খুলে দেয়া হয় শুধু পরীক্ষার হল দেখার জন্য, নয় দেশের মাটি দেখার জন্য। ১৯৭১ সালের সেই উত্তাল দিনগুলোর সূর্য করোটিতে ধারণ করে যারা এই দেশ গড়েছিল, তাদের স্বপ্নের 'গণমানুষের বিদ্যালয়' আজ কোথায়? আমরা শিক্ষার নামে যা গ্রহণ করেছি, সেটি যেন এক খোলস: বাইরে আধুনিক, ভেতরে মধ্যযুগীয় আতঙ্ক। জাতীয় চেতনার রক্তিম দ্যুতি যেখানে থাকার কথা, সেখানে বিরাজ করছে এক প্রকার 'বন্ধ্যা নিরপেক্ষতা'।
স্মৃতির এই মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন জাগে—একাত্তরের বিজয়োৎসবের সেই রাতগুলিতে যেসব শিশু স্বপ্ন দেখেছিল মুক্তির বিদ্যালয়ের, তারা কি কল্পনা করেছিল পঞ্চাশ বছর পর তাদের সন্তানরা পাঠ্যপুস্তকের পাতায় হারিয়ে ফেলবে মুক্তিযুদ্ধের চেতনার তাগিদ? শিক্ষা যেন সে এক অমরাবতী শহর, যার চারদিকে প্রাচীর, ভেতরে বাস করে মুখস্থ বিদ্যার গোঁফ-খেজুরে বৃদ্ধ, বাইরে দাঁড়িয়ে থাকে নতুন প্রজন্ম খোলা জানালার অপেক্ষায়। সেই জানালা খুলে দিলে দেখা যেত, শিক্ষা কেবল জ্ঞানার্জনের নাম নয়, এটি আত্মপরিচয়ের নির্মাণশালা।
বাংলাদেশের শিক্ষাদর্শনকে যদি একটি বৃক্ষ বলা যায়, তবে তার মূল দুইটি: একটি 'ঔপনিবেশিক মনন', অন্যটি 'মুক্তিযুদ্ধের চেতনা'। ১৯৪৭ সালের আগে এই উপমহাদেশে ইংরেজি শিক্ষা যেভাবে চালু হয়েছিল, তা ছিল শাসনকে সহজ করার এক কৌশল। ম্যাকুলের বিখ্যাত মিনিটে যাকে বলা হয় 'নেটিভ মুন্সিদের' বদলে 'ব্রিটিশ মননের প্রতিরূপ' তৈরি করা। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু সেই উপনিবেশিক প্রক্রিয়া থেকে মুক্তি পাইনি—বরং তাকে ঢেকে দিয়েছি আরও পুরনো ধর্মীয় গোঁড়ামি ও পুঁজিবাদী পণ্যের চকচকে প্যাকেটে।
স্বাধীনতার পর বাংলাদেশের শিক্ষানীতি ছিল তিনটি স্রোতের সংঘাত: রাষ্ট্রভাষা আন্দোলনের অহিংস মানবিক মূল্যবোধ, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সাহসী চেতনা, এবং একাত্তরের মুক্তিযুদ্ধের নৈর্ব্যক্তিক অস্তিত্ববাদ। কিন্তু আজ যখন কোনো শিশু কবিতার বইয়ে নজরুলের 'বিদ্রোহী' পড়ে, তখন তাকে বলা হয় মুখস্থ করো, কিন্তু 'আমি যারে দেখিতে নারি'—এই 'যারে' আসলে কে, তা বিশ্লেষণ করতে কেউ বারণ করে না। বরং চোখ টিপে দেয়া হয়—এসব প্রশ্ন করে লাভ নেই, পরীক্ষায় আসবে কী সেটাই মুখ্য।
শিক্ষা যেন একটি মৃত মেশিনে পরিণত হয়েছে। এই মেশিনে সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা বসে থাকে কিলবিল শব্দের মতো। এক ঘণ্টা ইতিহাস, এক ঘণ্টা বিজ্ঞান, এক ঘণ্টা ধর্ম, এক ঘণ্টা বাণিজ্য—কোনো কাঠামোতে নেই জাতীয় জীবনের গভীর পাঠ। শিক্ষকদের জিজ্ঞাসা করলে তারা হতাশায় বলেন, 'আমরা পেয়ে তো কিছু আসে যায়নি, ওদের রেজাল্ট ভালো করতে হবে।' অর্থাৎ ফলাফল হলো নৈবেদ্য, শিক্ষা হলো সাজানো বাগানের ফটকের সামনের ভেলভেটের দড়ি, যার নিচে নেই আদি মাটির গন্ধ।
এ যেন সেই সবুজে-শ্যামল বৃক্ষ, যার ডালপালায় ফুল ফুটেছে পাশ্চাত্যের পদ্ধতির, কিন্তু মূলটি এখনও রোপিত উপনিবেশিক শিকড়ে। এই শিকড় কেটে ফেলা যায় না সহজে, কারণ আমরা ভুলে গেছি—শিক্ষা যেমন একটি জাতির আয়না, তেমনি তা তার ভবিষ্যৎ পথের মানচিত্রও। এই মানচিত্রে যতদিন না মুক্তিযুদ্ধের চেতনার সোনালি সূতা যুক্ত হবে, ততদিন শিক্ষার্থী পথ হারাবে অন্ধকারের জঙ্গলে, যেখানে পথপ্রদর্শক নেই, কেবল ঘোরের বাতাস।
বাংলার মাঠে যখন আমন ধানের সোনালি শীষ দুলে ওঠে, তখন অন্য এক ফসলের আবাদ হয় শহর-গ্রামের কঙ্কালসার স্কুলভবনগুলোতে। সেই ফসলের নাম বিদ্যা। কিন্তু এই বিদ্যার বীজ কি কোনোদিন এ মাটির অস্তিত্বের গভীরতা ছুঁতে পেরেছে? নাকি আমরা এখনও উপমহাদেশের সেই পুরোনো মাটির পাত্রেই ঢেলে দিচ্ছি নানান স্বাদের পানীয়, যার স্থায়ী ঠিকানা নেই, শুধু আছে অনুকরণের নিষ্প্রাণ ছাঁচ?
শিক্ষাদর্শন—শব্দ দুইটির আভিজাত্যে ঢাকা পড়ে যায় আমাদের দৈনন্দিন ক্লাসরুমের হাঁসফাঁস করা বাস্তবতা। একজন কৃষকের সন্তান যদি গণিতের সূত্র মুখস্থ করে, কিন্তু নিজের পুকুরের জলের বিলুপ্তি টের না পায়; ইতিহাসের বইয়ে যদি বারবার মুক্তিযুদ্ধের নাম থাকে, কিন্তু সেই যুদ্ধের চেতনাকে নিজের ভাবনায় জায়গা দিতে না পারে—তাহলে আমাদের জাতীয় চেতনার আলোকবর্তিকা ঠিক কোন পথ দেখাচ্ছে?
গত বছর দুয়েক আগে (ঘটনাটি ২০২২ সালে) যখন ্আমি কো্ভিড-স্কুল সেক্টর রেসপন্স (সিএসএসআর) প্রজেক্টের অধীনে আরআরএ গবেষণার জন্য রংপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে যাই, সেখানে গিয়ে চোখ পড়ল এক অদ্ভুত দ্বান্দ্বিকতা। দেয়ালে টাঙ্গানো জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ্আর তার ঠিক নিচে ঝুলছে ব্রিটিশ আমলের 'গড সেভ দ্য কুইন'-এর বঙ্গানুবাদিত একটি স্তবক। শিক্ষিকা বলছেন, 'এটা পাঠ্যসূচিতে আছে।' এটাই আমাদের শিক্ষার আদর্শিক ভিত্তির শেকড়ের কাহিনি—যেখানে স্বাধীনতার সূর্য ওঠার কয়েক দশক পরেও দাসত্বের সিংহদ্বারে চুম্বনরত নান্দনিকতা আমাদের অনুসরণীয় বলে বিবেচিত হয়। নীতিনির্ধারকেরা যেন সেই পুরোনো জাদুকরের মতো, যিনি পশ্চিমা পদ্ধতির টুপি থেকে বের করেন নানা সংস্কারের খরগোশ, কিন্তু খেয়াল করেন না সেই খরগোশের কোনো শিকড় নেই, কোনো বাস্তব ঠিকানা নেই এই মাটিতে।
প্রশ্ন উঠতেই পারে—এত দৃশ্যমান সংকট কি কারও চোখে পড়ে না? নাকি দেখেও কেউ দেখতে চায় না? উত্তরটি বেদনাদায়ক হলেও স্পষ্ট। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়নের ইতিহাসে বহু সময় নীতিনির্ধারকেরা বাস্তব সমস্যার গভীরে প্রবেশের চেয়ে ঘোষণার জৌলুস, বাগাড়ম্বরপূর্ণ ভাষণ এবং সংস্কারের বাহ্যিক প্রদর্শনীতেই বেশি মনোযোগী ছিলেন। শিক্ষার্থীদের নিত্যদিনের অভিজ্ঞতা, শিক্ষকদের সংগ্রাম কিংবা শ্রেণিকক্ষের নীরব সংকটকে হৃদয় দিয়ে অনুধাবনের যে সংবেদনশীলতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি একটি জাতীয় শিক্ষানীতির পূর্বশর্ত, তার ঘাটতি বারবার দৃশ্যমান হয়েছে। ফলে নীতির ভাষ্য যত উচ্চকণ্ঠ হয়েছে, বাস্তবতার সঙ্গে তার দূরত্বও তত বেড়েছে।
স্বাধীনতার পঞ্চাশোর্ধ্ব বছর পেরিয়েও বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যেন এক অস্থির চঞ্চল নদীর চর—এক বছর এপাড়ে, পরের বছর ওপাড়ে। পাঠ্যপুস্তকের পাতায় পাতায় দেখা যায় সংযোজন-বিয়োজনের খেলার ছাপ। ১৯৭২ সালের প্রথম শিক্ষাকমিশন থেকে শুরু করে সর্বশেষ ২০১০-এর জাতীয় শিক্ষানীতি, প্রতিটি সরকারের আমলেই যেন নতুন দর্শনের নামে পুরোনো আদর্শিক ভিতকে বারবার কর্তন করা হয়। প্রশ্ন হলো—শিক্ষাদর্শন কি কোনো বছরের ফ্যাশন, যা প্রতি নির্বাচনী চক্রে রং বদলায়? নাকি এত ঘনঘন পথ পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা হারিয়ে ফেলে চিরায়ত পথের স্মৃতিচিহ্ন?
কারণ অনুসন্ধানে প্রথমেই ধরা পড়ে রাজনৈতিক অস্থিরতার করাল ছায়া। ১৯৭৫-এর আগস্টের ঘাতক অন্ধকারের পর থেকে প্রতি অভ্যুত্থান, রাষ্ট্রপতি শাসন ও সামরিক শাসনকালে শিক্ষানীতি হয়ে ওঠে শাসকগোষ্ঠীর হাতিয়ার। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের 'শিক্ষানীতি' মুক্তিযুদ্ধের চেতনাকে গৌণ করে তোলে, বাড়িয়ে দেয় ধর্মীয় শিক্ষার বরাদ্দ। আবার ১৯৯০-এর দশকে স্বৈরাচার পতনের পর 'বাংলাদেশ শিক্ষাকমিশন ১৯৯৭' ফিরিয়ে আনে ধর্মনিরপেক্ষতার আদর্শ, কিন্তু তাতে নতুন করে জোর দেয় ইংরেজি মাধ্যমের দাম্ভিকতায়। যেন খেয়ালী হাওয়া—উত্তর থেকে বইলে দক্ষিণে ছোটে নৌকা, দক্ষিণ থেকে বইলে আবার দিশাহারা হয় পাল।
দ্বিতীয় কারণ—বিদেশি অনুদান ও উন্নয়ন সংস্থার প্রভাব। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউনেস্কো যখন শিক্ষাখাতে কোটি কোটি টাকা ঋণ দেয়, তখন তাদের শর্তানুযায়ী পাঠ্যসূচি সাজাতে হয় 'মডুলার সিস্টেম', 'আউটকাম বেসড এডুকেশন', 'কম্পিটেন্সি বেসড কারিকুলাম'—যে সব পরিভাষা বাংলার মফস্বল শিক্ষকের কাছে জটিল ধাঁধার মতো। এই বিদেশি ফ্রেমে বসিয়ে আমাদের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতিকে গোছাতে গিয়ে তৈরি হয় সংকট। এক দশকে জাতীয় শিক্ষাক্রম সায়েন্স ল্যাবরেটরি স্কুলের আদলে গড়া আইডিয়ালিজম, পরের দশকে সেটি ব্যাকফায়ার করে বাণিজ্যিক শিক্ষার মসজিদ হয়ে ওঠে। শিক্ষার্থী কেবল জানে—এ বছর 'বইটি পরিবর্তিত হয়েছে', কিন্তু কেন হলো, তার দার্শনিক ব্যাখ্যা তার অজানা।
তৃতীয় কারণ—শিক্ষাবিরোধী শক্তির ষড়যন্ত্র ও গোষ্ঠীস্বার্থ। আমাদের কিছু পাঠ্যপুস্তকের অধ্যায় থেকে 'মুক্তিযুদ্ধের চেতনা' বাদ দেওয়া হয়েছিল ২০০০ সালের দিকে, আবার পরে সেটি ফিরিয়ে আনা হয়। উগ্র ডানপন্থি কিছু মহল বারবার চেষ্টা চালায় ধর্মীয় গ্রন্থের সরলপাঠকে 'আদর্শ শিক্ষা' হিসেবে প্রস্তাব করতে। এদের চাপে বারবার শিক্ষাকমিশনের সুপারিশ মাথার উপর উঠলেও, বাস্তবায়নের সময় 'মধ্যপন্থি' নামে যে আপস তৈরি হয়, তাতে মলিন হয় প্রকৃত জাতীয়তাবাদ। এ যেন বৃক্ষের গোড়ায় ঘনঘন কুঠারাঘাত—আগের ক্ষত বাঁধার আগেই নতুন দাগ কাটে।
এ ছাড়া আমাদের সমাজের 'মেরিটের উপাসক' মধ্যবিত্ত অভিভাবক সমাজ বারবার চায় পরীক্ষামুখী রটনাভিত্তিক শিক্ষা। ফলে সরকারি দর্শনে যতই সৃজনশীলতা বা যুক্তির বীজ বপন করতে চান নীতিনির্ধারক, অভিভাবক ও কোচিং সেন্টারদের চাপে সেটি শেষ পর্যন্ত মুখস্থ বিদ্যার কঠিন শৃঙ্খলেই রূপ নেয়। একই শিক্ষার্থী সকালে স্কুলে পড়ে 'শিক্ষা আনন্দময় হবে', বিকেলে কোচিংয়ে মুখস্থ করে 'একাদশী বিধি'। এই দ্বিচারিতায় বিভক্ত হয়ে যায় তার মন, যেমন একটি বৃক্ষের শিকড় দুই দিকে টানা হয়—একদিকে মুক্তির বাতাস, অন্যদিকে মুখস্থের জোয়াল।
অবশ্য গত দুই দশকে কিছু ইতিবাচক উদ্যোগও দেখা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তৈরি করল 'জীবন ও জীবিকা' বিষয়ক বই। ইংরেজি মাধ্যমের অভিযোজন দেখা গেল। কিন্তু এই পরিবর্তনের অলংকার যেন বুড়ো সাপের নতুন খোলস—সাপটা একই, শুধু চামড়া বদলায়। আদর্শগত ভিত্তি স্বাধীনতার চেতনার চেয়ে বেশি আন্তর্জাতিক বাণিজ্যিক চাপ ও প্রযুক্তিনির্ভর পুঁজিবাদী চাহিদার ওপর দাঁড়িয়ে। শিক্ষার মন্দির থেকে যখন জাতীয় চেতনার আগুন সরিয়ে নেয়া হয়, তখন সেখানে প্রবেশ করে ঘোর, কুহক ও জাদুমন্ত্র।
আরও ভয়াবহ হলো ধর্মীয় ও জঙ্গি প্রভাব পড়া। ২০০০ সালের দিকে স্কুলে জঙ্গিবাদী গোষ্ঠীর বই বিতরণের ঘটনা, পরবর্তী সময়ে 'বাংলাদেশি ইতিহাস' বলতে ইসলামী ফিকহের ইতিহাসকে বেশি জায়গা করে দেয়ার প্রবণতা—এসব ধরা পড়লেও তার তাত্ত্বিক প্রতিষেধক আজও অসম্পূর্ণ। ক্লাস সেভেনের এক ছাত্র জিজ্ঞাসা করেছিল, 'স্যার, আমরা যদি সমাজতন্ত্র চাই, সেটা মানে কি সম্পত্তির মালিক না হতে?' তখন শিক্ষিকা বলেছিলেন, 'এসব পুরনো কথা, বর্তমানে বাজার অর্থনীতি।' মজার ব্যাপার হলো, বাজার অর্থনীতির অসাম্য ও মূল্যস্ফীতি কীভাবে একজন কৃষকের জীবন নাশ করে, তা পাঠ্যসূচিতে নেই, নেই শ্রেণি সংগ্রামের আদ্যোপান্ত বোধ।
ফলে শিক্ষার্থীর মনে তৈরি হয় এক প্রকার শূন্যতা। সেই শূন্যতায় জায়গা করে নেয় অবৈজ্ঞানিক কুসংস্কার, ধর্মীয় উগ্রবাদ বা নির্বোধ কনটেন্টের মিছিল। শিক্ষার মন্দির থেকে যখন জাতীয় চেতনার আগুন সরিয়ে নেয়া হয়, তখন সেখানে প্রবেশ করে ঘোর, কুহক ও জাদুমন্ত্র। কবি জীবনানন্দ দাশ যেমন বলেছেন, 'আমি যেন মৃত মানুষের মতো দাঁড়িয়ে আছি'—আমাদের শিক্ষার্থীরাও যেন সেই মৃত মানুষের মতো দাঁড়িয়ে থাকে জ্ঞানের সমারোহে, অথচ প্রাণহীন এক নিস্পন্দ ভাস্কর্যের মতো।
শিক্ষা মানুষের ভেতর সত্তার উন্মেষ ঘটিয়ে দেয়। ফরাসি দার্শনিক রুশো বলেছিলেন, 'প্রকৃত শিক্ষা হলো অন্তর্দৃষ্টির বিকাশ।' কিন্তু আমাদের ব্যবস্থায় অন্তর্দৃষ্টি নয়, মুখস্থবিদ্যার বিজ্ঞাপন যেন সবখানে। আমরা ভুলে যাই—জ্ঞানের বীজবপন করতে গেলে সবার আগে জানতে হয় মাটির স্বাদ। এই মাটির নাম 'বাংলাদেশ', এই মাটির রক্তে মিশে আছে ১৯৭১-এর অমর একুশের চেতনা, ভাষা আন্দোলনের পরাক্রম, আর ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আগুন। আমাদের বিদ্যালয়ের পাঠ্য যেন নিতান্তই পরিযায়ী পাখি, শীত এলে উড়ে যায় অন্য গন্তব্যে। বসন্তে ফিরে আসে, কিন্তু দেশের মাটি চিহ্নিত করে না কোনো চিরন্তন ঠিকানায়।
কোনো এক গভীর রাতে মেঘনার চরে মাছ ধরার নৌকায় যখন জাল ফেলেন জেলেরা, তাদের সন্তানেরা ঘুমিয়ে থাকে জোড়া বাংলা-ইংরেজি ব্যাকরণের বই বালিশ করে। সেই শিশু হয়তো জানে ইংরেজি 'ইঁদুর' মানে 'র্যাট', কিন্তু জানে না কীভাবে যমুনার স্রোত বয়ে আনে নবান্নের উৎসবের গন্ধ। জাতীয় চেতনার প্রথম স্তম্ভ হলো নিজের ভূগোল ও ইতিহাসকে কেবল জ্ঞান হিসেবে নয়, বরং আত্মিক সত্তা হিসেবে গ্রহণ করা। বটবৃক্ষের মতো এই চেতনার শিকড় জমির গভীরে প্রবেশ করে, তখনই শিক্ষার্থী মুক্ত হতে পারে মানসিক গোলামির কবল থেকে।
একটি শিশু যখন তার দাদির মুখে শোনে মুক্তিযুদ্ধের গল্প, তখন তার মন ছুঁয়ে যায় সেই অজানা বীরত্ব। কিন্তু যখন সে একই গল্প পড়ে পাঠ্যপুস্তকের শুষ্ক পাতায়, যেখানে তারিখ আর নামের ফর্দ ছাড়া আর কিছু নেই, তখন তার কৌতূহল নিভে যায়। এই ব্যবধানই আমাদের শিক্ষার শেকড়হীনতার মূল কারণ। আমরা শিশুকে দিই ইতিহাসের কঙ্কাল, কিন্তু দিই না তার রক্তমাংস; দিই বিজ্ঞানের সূত্র, কিন্তু দিই না প্রকৃতির সঙ্গে তার সংযোগের গল্প।
বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তার মহাযুদ্ধে লিপ্ত, আমাদের শিক্ষাদর্শনের গলদটি প্রকট থেকে প্রকটতর হচ্ছে। 'চতুর্থ শিল্পবিপ্লব', 'টেকনোলজিকাল আউটসোর্সিং', 'স্টার্টআপ ইকোসিস্টেম' এসব শব্দ জাদুর মতো উচ্চারিত হয়, কিন্তু হয় না 'মুক্তিযুদ্ধের দর্শন'—যে দর্শন মানুষের মধ্যে মর্যাদা, বাকস্বাধীনতা, আইনের শাসন আর প্রগতির অমোঘ আকাঙ্ক্ষা জাগায়। প্রযুক্তির এই মহাযুদ্ধে আমরা যেন হারিয়ে ফেলছি মানবিকতার দিকনির্দেশক কম্পাস, যা আমাদের দেখাবে—শিক্ষা কেবল কর্মসংস্থানের মাধ্যম নয়, এটি মুক্তির পথ।
কথাপ্রসঙ্গে গ্রামীণ এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে প্রশ্ন করেছিলেন: 'আমরা বাচ্চাকে শেখাতে চাই ১২×১২ = ১৪৪, কিন্তু এক ফসলি জমির কৃষকের ছেলেকে শেখাই না কেন, তার বাবার এই কষ্টের অঙ্কটা কারা বসিয়েছিল?' এই একটি প্রশ্নই আমাদের শিক্ষার ভিত কাঁপিয়ে দেয়। শিক্ষার প্রথম সোপান হলো নিজের দেশপ্রেমকে প্রশ্ন করা, নিজের ঐতিহ্যকে চিনে সেখান থেকে বিশ্বজনীন মানচিত্র খোঁজা। কিন্তু বর্তমানে আমাদের সেই সোপানের শেষ প্রান্তে ওঠার আগেই শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির যন্ত্রণায় চূর্ণ হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদনে দেখা গেছে, স্নাতক শেষে মাত্র ১৫ শতাংশ শিক্ষার্থী ঐচ্ছিকভাবে কোনো দর্শনের বই পড়ে। এবং মাত্র ৫ শতাংশ মুক্তিযুদ্ধসংক্রান্ত জটিল কারণ বিশ্লেষণ করতে পারে। বাকিরা সুখী কিন্তু সতর্ক, সচল কিন্তু স্বপ্নহীন। এই পরিসংখ্যান যেন এক কঠিন আয়নার সামনে দাঁড় করায় আমাদের—শিক্ষার নামে আমরা কী তৈরি করছি? এমন এক প্রজন্ম, যারা চাকরির বাজারে বিক্রি হতে পারে, কিন্তু নিজের দেশের জন্য কিছু করতে পারে না; যারা মুখস্থ করে পাস করতে পারে, কিন্তু নিজের মাথায় কিছু ভাবতে পারে না।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ব্রিটিশ মেকলির 'ভারতীয়দের শিক্ষিত করে তুলবেন ইংরেজ চেতনায়' সেই পুরোনো মডেলের কেরোসিনেই আজও জ্বলছে। মেকলি তো স্পষ্ট বলেছিলেন, 'আমাদের উদ্দেশ্য হলো এমন এক শ্রেণির সৃষ্টি করা যারা ভারতীয় রক্ত ও রঙের হলেও হবে ইংরেজ রুচি, মত ও বুদ্ধির।' আফসোস, ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু শিক্ষাদর্শনে স্বাধীন হতে পারিনি এখনও। তরুণ মন ভারতীয় উপমহাদেশের আশ্চর্য সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝে, কিন্তু নিজের সুজলা সুফলা বাংলার প্রকৃতি ও মানবিক সম্পদের হাতছানি তার পাঠ্যপুস্তকে প্রায় অর্ধেক জায়গায় উপেক্ষিত। যেন আমরা সেই শহরের বাসিন্দা, যার দেয়ালে টাঙানো আছে পরাধীনতার পুরোনো ছবি, আর আমরা সেই ছবি দেখে অভ্যস্ত হয়ে গেছি—ভুলে গেছি আমাদের নিজস্ব মুখশ্রী কেমন ছিল।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এক প্রবন্ধে লিখেছিলেন, 'আমাদের স্বাধীনতা কেবল ভৌগোলিক নয়, এটি ছিল চেতনার মুক্তি।' ক্রিকেট খেলায় যেমন স্ট্রাইক রোটেট করতে হয়, তেমনি আমাদের শিক্ষাদর্শনে স্ট্রাইক রোটেট করতে হবে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক আদর্শের দিকে। বর্তমান পাঠ্যক্রম যে উপেক্ষার প্রাচীর গড়ে তুলেছে গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির স্থাপত্যে, সেখানে মানবিক জ্ঞানের জানালা খুললে দেখা যেত—কী করে বাঙালি নারী-পুরুষ লাঠিয়াল খেলায় যেমন তেমন, দর্শন ও সাহিত্যে লিখে গেছে বিশ্বমানের ইতিহাস।
এক উদাহরণ দিই। আরব্য রজনীর গল্প যেমন বহু রাত জুড়ে বয়ে যায়, তেমনি আমাদের স্কুলে পড়ানো বাংলা বইয়ের গল্পগুলো প্রায়ই যেন বিচ্ছিন্ন সুর। বঙ্কিমের 'আনন্দমঠ' পড়ে শিক্ষার্থী জানে 'বন্দে মাতরম' এর ইতিহাস, কিন্তু জানতে পারে না সেদিন যে বাঙালি প্রথম সংগঠিত হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে? সেই বাঙালির পথ হেঁটেই আমরা পৌঁছে গিয়েছিলাম ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে। পাঠ্যবইয়ে এই ধারাবাহিকতা নেই বললেই চলে। ইতিহাসের ছাত্র কেবল তারিখ মুখস্থ করতে ব্যস্ত, কিন্তু সময়ের বয়ান তার চোখের সামনে রক্তক্ষরণের নদী হয়ে বয়ে যায় কী করে?
শিক্ষা দর্শনের 'গলদ' আমাদের জাতীয় চেতনায় অগভীর বোধ তৈরির কারণ। শিক্ষার্থীরা স্বাধীনতা পেয়েছে, কিন্তু মানসিক মুক্তি পায়নি বলেই ক্যাম্পাসের দেয়ালে এখনও ঝুলে থাকে হয় প্রবল উৎসব, নয় তীব্র হতাশা। তাদের মাঝে এক শূন্যতা, যার এক প্রান্তে জ্ঞান, আরেক প্রান্তে ব্যবহারিক মূল্যবোধ—এই দুয়ের মধ্যেকার সেতু নির্মাণ করবে যে সৃজনশীল দর্শন, তার অঙ্কনাই হয়নি।
একাত্তরের ১৬ ডিসেম্বর যখন বিজয় অর্জিত হয়, তখন সারাদেশের পাঠশালায় স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সংগীত গাওয়া হতো। সেই আবেগের বীজ বপন করতে কোনো টেক্সটবুকের দরকার পড়েনি। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর—এ যেন একটি স্বতঃস্ফূর্ত শিক্ষা, যেখানে প্রতিটি শহীদ মিনার, প্রতিটি গণহত্যার স্মৃতিস্তম্ভ ছিল জীবন্ত ক্লাসরুম। কিন্তু আজ সেই স্মৃতিস্তম্ভগুলো ঠাঁই পেয়েছে পিকনিক স্পটের তালিকায়। উপমা দিতে হয়: শিক্ষাদর্শন যেন সেই পুরোনো বটগাছ যার ছায়ায় গ্রামের প্রজারা বিচার করত। এখন সেই বটগাছের গোড়ায় বসেছে সিমেন্টের বেঞ্চ, যার ওপর লেখা 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মালিক কর্তৃক ক্রয়কৃত'।
আসুন স্বীকার করি, শিক্ষা কখনোই নিরপেক্ষ বাণিজ্যিক পণ্য নয়। এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অস্ত্র। ব্রাজিলের শিক্ষাবিদ পাউলো ফ্রেইরে 'পেডাগজি অব দি অপ্রেসড' বইতে দেখিয়েছিলেন, শাসকশ্রেণি সাধারণ মানুষের মধ্যে মুখস্থবিদ্যার প্রসার ঘটায় যাতে তারা কখনো নিজেদের গণ্ডি থেকে বেরিয়ে শাসন কাঠামোকে প্রশ্ন করতে না পারে। ফ্রেইরে বলেছেন, ব্যাংকিং মডেলের শিক্ষা শিক্ষার্থীকে জ্ঞানের প্যাসিভ রিসিভার বানায়, যেখানে শিক্ষক ডিপোজিট করেন তথ্য, আর শিক্ষার্থী তার গুদাম। এটাই আমাদের হুবহু চিত্র।
সিলেটের এক কফি হাউসে যখন কয়েকজন তরুণের সাথে আলাপ হচ্ছিল, সেখানে একজন হঠাৎ প্রশ্ন করল, 'স্বাধীনতা মানে কি আমাদের নিজস্ব কোনো শিক্ষাদর্শন তৈরি করাটা জরুরি না? আমরা তো ক্যানবেরা, লন্ডন কিংবা ম্যাসাচুসেটসের মতো ইউনিভার্সিটি দেখে মডেল নিই। কিন্তু সেই শিক্ষা শেষে মেধা পাচার ঠেকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।' তার কথার গভীরতা ছিল—যতদিন আমরা জাতীয় চেতনার দেয়াল গড়তে ব্যর্থ হব, ততদিন শিক্ষার আঙিনায় বাড়তে থাকবে পরিচয়হীনতার জঙ্গল।
মুক্তিযুদ্ধের আগে ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'শোষণমুক্ত সমাজ' ও 'আনন্দের শিক্ষা'র প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সোনার বাংলা গঠনে শিক্ষাব্যবস্থা আমাদের নিতে পারে প্রতিবেশী দেশ ভিয়েতনামের উদাহরণ—যেখানে উপনিবেশবাদের অবসানের পর তারা শিক্ষাকে প্রথম শত্রুমুক্ত করে নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে পাঠ্যসূচি সাজায়। আজ ভিয়েতনামের শিক্ষার্থী জানে কী করে গেরিলা যুদ্ধে তাদের পূর্বপুরুষ প্রকৃতির সম্পদকে ব্যবহার করেছিল, আবার একই সাথে বিশ্বসভায় সমান তালে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি ও বিজ্ঞানে। বাংলাদেশের শিক্ষাদর্শন এখনও সেই দৃঢ়তার অভাবে ভোগে।
সমস্যা চিহ্নিতকরণ যত জরুরি, সমাধানের রূপরেখা তত বেশি জরুরি। বাংলাদেশের প্রয়োজন 'বাংলাদেশীয় শিক্ষাদর্শন'—যা হবে দেশীয় শিকড়ে সিক্ত, আবার বিশ্বের সঙ্গে সেতুবন্ধন ঘটাবে। এই দর্শনের ভিত্তি হবে তিনটি স্তম্ভ:
অবশ্য ইদানীং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কারিকুলামে কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। কিন্তু পরিবর্তন আনা মানে কেবল বইয়ের ধারাবিবরণী বদলানো নয়; পরিবর্তন মানে শিক্ষাদর্শনের ভিতামূল পরিবর্তন। আমরা এখন সেই সংকটময় স্থানে দাঁড়িয়ে, যেখানে নদীর একপাড়ে ব্রিটিশ দর্শনের অনুবাদবিদ্যা, আরেকপাড়ে মুক্তিযুদ্ধের লাল-সবুজের পতাকা। সেতু কে বানাবে? তৈরি হবে কি সেই অদ্বিতীয় মিশ্রণ, যাকে বলে 'বাংলাদেশি চেতনা'?
প্রত্যন্ত গ্রামের এক কিশোরী যদি হঠাৎ আবিষ্কার করে তার মায়ের হাতের মেহেদি বা সবজির বাগান কীভাবে জৈব রসায়নের অনন্য উদাহরণ; স্কুলের পরীক্ষায় যদি সেই যন্ত্রশিক্ষার পরিবর্তে তাকে প্রকৃতির রঙে মুখরিত করতে ডাকা হয়; যদি পরীক্ষার রেজাল্ট না হয় সাফল্যের একমাত্র মাপকাঠি, বরং জ্ঞানার্জনের পাশাপাশি ন্যায় ও সাম্যের বোধ যাচাই হয়—তবে একদিন সেই কিশোরী ফিরে তাকাবে বলবে, 'আমি আগে শুধু শিখতাম, এখন শেখার ভেতর দিয়ে নিজেকে আবিষ্কার করি।'
বাংলাদেশকে দরকার 'আবিষ্কার'-এর এই শিক্ষা। কবি শামসুর রাহমান লিখেছিলেন—'আমার পথিকৃৎ আমি নিজেই'। সেই নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ ছাড়া শিক্ষা কেবল কৃত্রিম ফুলের মতো সৌন্দর্য বিকিরণ করলেও তার ঘ্রাণ থাকে না। জাতীয় চেতনার পথে বাংলাদেশের শিক্ষাভবনগুলোর দরজা ও জানালা খুলে দিতে হবে। তখনই মিথ্যার আড়ালে নয়, গভীর বাস্তবের নিরিখে তৈরি হবে এক অবিনশ্বর প্রজন্ম—যারা জানবে কীভাবে একসঙ্গে হতে পারে রবীন্দ্রনাথের অমৃতক্ষরণ ও ভ্যাকসিন আবিষ্কারের বিস্ময়। সেখানেই শিক্ষাদর্শনের গলদ ঘুচবে; সেখানেই সোনার বাংলার স্বপ্ন ধরা দেবে নতুন মোড়কে।
বাংলাদেশের শিক্ষাদর্শনে গলদ মারাত্মক, কিন্তু দুর্ভেদ্য নয়। গলদ হলো 'অর্থবোধের জাল'। এই জাল ভেদ করতে হলে প্রয়োজন চারটি অস্ত্র:
একদিন যদি কোনো শিশু জিজ্ঞাসা করে, 'মুক্তিযুদ্ধ মানে কি রক্তের বন্যায় গোসল?' তার উত্তরে শুধু তারিখ নয়, ঢেকে দিতে হবে গল্প—একটি জাতির আত্মমর্যাদার আগুন। সেই আগুন না এলে পাঠ্যবইয়ের পাতা হলেও সোনালি সূত্রে বাঁধা থাকবে, কিন্তু মন থেকে ঝরে যাবে জাতীয় চেতনার বীজ।
প্রজাপতি যদি ফিরে আসে বনে, তার ডানায় থাকে মাটির গল্প। আমাদের বিদ্যালয়গুলো যদি সত্যিকার অর্থেই জাতীয় চেতনার আলোতে শিক্ষিত করে, তাহলে সেদিন আর স্বাধীনতা দিবসে কেবল কুচকাওয়াজ হবে না—হবে স্বপ্নের নৌকায় চড়ে অমিয় যাত্রা।
হ্যাঁ, প্রশ্নটি এসেই যায়—শত পাণ্ডুলিপি আর কমিশন রিপোর্টের স্তূপের মাথায় দাঁড়িয়ে, দার্শনিক আলোচনার সব আগুনঝরা শব্দের ফাঁক দিয়ে সেই শিশুসুলভ, কিন্তু ভয়ংকর প্রশ্ন: বাংলাদেশ কি আসলেই তার শিক্ষাব্যবস্থার জন্য দার্শনিকভাবে সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে পেরেছে? আর সেই লক্ষ্যে পুরো ব্যবস্থাকে পরিচালিত করতে পেরেছে?
উত্তর হলো—না, পুরোপুরি পারেনি। বরং বলা চলে, স্বাধীনতার পঞ্চাশোর্ধ্ব বছরেও আমরা সেই সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছি, যেখানে পথের দুই ধারের ডাক শুনি, কিন্তু নিজের পায়ের তলার মাটি চিহ্নিত করতে পারি না।
তবু কি কোনো ক্ষীণ আলো দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ২০১০-এর শিক্ষানীতি, ২০২১-এর এনসিএফ—এগুলোর শুরুর দর্শন ঠিক ছিল। কিন্তু বাস্তবায়নের মধ্যপথে তা ভেসে গেছে 'আমলাতান্ত্রিক জটিলতা' ও 'স্বল্পমেয়াদি পরিকল্পনার' স্রোতে। ব্যর্থতা এই নয় যে দর্শনের স্বপ্ন ছিল না; ব্যর্থতা এই যে সেই দর্শনকে টিকিয়ে রাখার রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা ছিল না।
অতএব—বাংলাদেশ শিক্ষার দার্শনিক লক্ষ্য নির্ধারণের ব্যাপারে 'আংশিক সচেতন' কিন্তু 'পূর্ণ অসমর্থ'। আর সেই লক্ষ্যে ব্যবস্থাকে পরিচালিত করতে গিয়ে 'স্থিরতা হারিয়েছে'। তবে আশার কথা হলো—প্রশ্নটি এখন জোরালোভাবে উঠেছে। শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ অভিভাবকরাও টের পাচ্ছেন 'গলদ' টা কোথায়। হয়তো এ উপলব্ধির জোড়েই একদিন বসবে জাতীয় কনসেনসাস, স্থির হবে সেই 'বাংলাদেশি শিক্ষাদর্শন'। যতদিন না হয়, ততদিন এই কাঠখোট্টা জাহাজ চলতে থাকবে 'ইঞ্জিন ছাড়া ভেলার' মতো—সময়ের স্রোতে ভাসবে, কিন্তু গন্তব্য ঠিক হবে না।
প্রশ্নটির উত্তরে চূড়ান্ত ইঙ্গিত এই—আমরা এখনও সঠিক লক্ষ্য পাইনি; যা পেয়েছি তা অস্থায়ী। আর যা চালাইতেছি তা স্রোতে ভাসা। ভবিষ্যৎ প্রজন্মকে সেই ভাসা থেকে উদ্ধার করতে হলে দরকার সুনির্দিষ্ট দার্শনিক নোঙর। শুধু কমিশন বসালে হবে না, সেই কমিশনের দর্শনকে বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রের সর্বস্তরে। তবেই 'পেরেছি' বলা যাবে। এখন পর্যন্ত বলতে হয়—'বাংলাদেশ শিক্ষার দর্শনকে পরিপূর্ণ আয়ত্ত করতে পারেনি; বরং দর্শনের দোলাচলেই পড়ে আছে।'
কিন্তু শেষ পর্যন্ত এই লেখাটি সেই নতুন প্রজন্মের জন্য উৎসর্গিত, যারা আজ ক্লাসরুমে বসে মুখস্থ বিদ্যার কঠিন যন্ত্রণায় জর্জরিত, অথচ তাদের ভেতরে লুকিয়ে আছে বাঙালির চিরায়ত মুক্তির স্পন্দন। তাদের কণ্ঠে আজও বেজে ওঠে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত পংক্তি—'আমি চিরতরী, আমি চিরযাত্রী, আমি চিরঅভিযাত্রী'। সেই অভিযাত্রাকে যদি আমরা শিক্ষার পথে এগিয়ে দিতে পারি, তবে একদিন এই দেশের শিক্ষায় ফিরে আসবে আলো, ফিরে আসবে তার প্রাণের স্পন্দন। সেদিন প্রজাপতি আর নির্বাসিত থাকবে না, সেদিন প্রজাপতির ডানায় থাকবে আমাদের মাটির গল্প—আমাদের বটবৃক্ষের গভীর শেকড়ের অমৃতকথা।
–অধ্যাপক ড. মাহবুব লিটু, উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)
#বাংলাদেশ #শিক্ষা #শিক্ষাসংস্কার #শিক্ষাদর্শন #জাতীয়চেতনা #মুক্তিযুদ্ধ #পাঠ্যক্রম #পাঠ্যপুস্তক #শিক্ষানীতি #কারিকুলাম #জাতীয়পরিচয় #সমালোচনামূলকচিন্তা #বৈজ্ঞানিকমনন #মুক্তমন #উচ্চশিক্ষা #বিদ্যালয় #শিক্ষক #শিক্ষার্থীবিকাশ #নীতিবিশ্লেষণ #জ্ঞানরাজনীতি #KnowledgePolitics #KnowledgeEconomy #CurriculumReform #EducationPolicy #CriticalThinking #NationalIdentity #BangladeshEducation #EducationReform #FutureOfEducation #Odhikarpatra