08/02/2026 মার্কিন বিশেষ দূত–ভারতের হাইকমিশনার বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির
odhikarpatra
১ August ২০২৬ ২৩:৫৭
০১ আগস্ট ২০২৬ |
বিশেষ প্রতিনিধি | সিলেট
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হলে তা বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া উচিত, অন্য কোনো দেশের কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে নয়।
শনিবার (১ আগস্ট) সিলেটে একটি স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিদেশি প্রতিনিধি যদি বাংলাদেশ সরকারের অবগতির ভিত্তিতে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন, সেটি ভিন্ন বিষয়। তবে বাংলাদেশের বিষয়ে অন্য কোনো দেশের কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে আলোচনা প্রত্যাশিত নয়। তবে যদি এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে সেটিকে ভিন্নভাবে দেখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন কমিশনে সাম্প্রতিক কিছু নিয়োগ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। অতীতের নির্বাচন নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের নির্বাচনও যদি একই ধরনের প্রশ্নের মুখে পড়ে, তাহলে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে আরও উদ্বেগ সৃষ্টি হতে পারে।
দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী দেশের সব নাগরিকের প্রধানমন্ত্রী। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের মতামত ও গণরায়কে সম্মান করা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ভিত্তি। গণভোটসহ জনগণের প্রত্যাশার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।