08/02/2026 আগস্টজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা; সাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ
odhikarpatra
১ August ২০২৬ ২৩:৫৯
০১ আগস্ট ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডেস্ক
চলতি আগস্ট মাসজুড়ে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি এবং কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত সংস্থাটির দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, আগস্টে বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম। তবে দুই থেকে তিনটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়াতে ভূমিকা রাখতে পারে।
টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় মৌসুমি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের ফলে পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে বলেও সতর্ক করেছে বিডব্লিউওটি।
প্রথম সপ্তাহ (১–৮ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, সিলেট ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
দ্বিতীয় সপ্তাহ (৯–১৬ আগস্ট): বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
তৃতীয় সপ্তাহ (১৭–২৪ আগস্ট): শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
চতুর্থ সপ্তাহ (২৫–৩১ আগস্ট): বঙ্গোপসাগরে নতুন মৌসুমি সিস্টেম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিডব্লিউওটি জানায়, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ ঘটবে। তবে দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাই বাংলাদেশ থেকে দেখা যাবে না।