08/06/2026 আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’—রেজাউল করীম
odhikarpatra
৬ August ২০২৬ ০০:০০
অধিকারপত্র ডটকম: ০৫ আগস্ট ২০২৬,
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।”
বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলনে মানুষের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে সেই আত্মত্যাগের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি বলে তাঁর দাবি।
সৈয়দ রেজাউল করীম বলেন, মানবসৃষ্ট রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে দেশের বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তাঁর মতে, বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইসলামের নীতিই কার্যকর সমাধান হতে পারে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর ইসলামের ভিত্তিতে একটি জাতীয় সমঝোতার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক স্বার্থের কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমানও বক্তব্য দেন। তিনি গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়ার সমালোচনা করেন এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।