08/07/2026 শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ ভারত কেন দিল—প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
odhikarpatra
৬ August ২০২৬ ২৩:৪১
০ ৬ আগস্ট ২০২৬ | রাজনৈতিক প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ কেন দেওয়া হলো।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল—এটি আমাদের প্রশ্ন।’
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও কলে বক্তব্য দেন শেখ হাসিনা। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
এ ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকার ক্ষুব্ধ। বিবৃতিতে অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তবে আশ্রয়ে থেকে তিনি বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার কারণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিষয়টি বিচারাধীন। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে নয়। তবে আদালতের রায়ের ভিত্তিতেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
#সালাহউদ্দিনআহমদ #শেখহাসিনা #ভারত #বাংলাদেশ #রাজনীতি #Odhikarpatra