09/09/2026 কয়েক ঘণ্টার ব্যবধানে বদলি বাতিল, সবুজবাগের ওসি পদেই বহাল সাইফুল ইসলাম
odhikarpatra
৮ September ২০২৬ ২৩:০৯
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর সই করা পৃথক দুটি কার্যালয় আদেশে বিষয়টি জানা গেছে।
তবে বদলির আদেশ কেন এত দ্রুত বাতিল করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবারের প্রথম আদেশে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়। একই আদেশে ডিবি তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
পরে বিকেল ৫টার দিকে সদর দপ্তর থেকে সংশোধিত আরেকটি আদেশ জারি করা হয়। এতে মো. সাইফুল ইসলামের বদলি স্থগিত করে তাকে সবুজবাগ থানার ওসি পদেই বহাল রাখা হয়। পাশাপাশি মোহাম্মদ সাইফুল ইসলামকে ডিবি তেজগাঁও বিভাগেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এদিকে মঙ্গলবারের প্রথম আদেশে ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়।
এর মধ্যে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। লালবাগ থানার বর্তমান ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া উত্তরখান থানার পরিদর্শক (অপারেশনস) ছামিউল হককে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।