09/17/2026 সিরিয়ায় জ্বালানির দাম বাড়ায় অর্থনৈতিক চাপ, বিভিন্ন এলাকায় বিক্ষোভ
odhikarpatra
১৭ September ২০২৬ ০৬:০৯
অধিকার পত্র ডটকম, আন্তর্জাতিক ডেক্স
জ্বালানির দাম এক দফায় বাড়ানোর পর অর্থনৈতিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে সিরিয়ায়। সরকারের নতুন সিদ্ধান্তে ডিজেলের দাম ৪০ শতাংশ এবং পেট্রলের দাম ২৮ শতাংশ বাড়ানো হয়েছে। এতে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন এলাকায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর সোমবার সকালেই বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরাঞ্চলের আলেপ্পো ও ইদলিব থেকে শুরু করে মধ্যাঞ্চলের হামা এবং দক্ষিণের দারাআ পর্যন্ত বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভের কারণে দামেস্ক ও আলেপ্পোর মধ্যকার প্রধান মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।
প্রাথমিক পর্যায়ের বিক্ষোভ কিছু এলাকায় কমে এলেও জ্বালানির দাম নিয়ে ক্ষোভ পুরোপুরি কমেনি। বুধবার উত্তর-পূর্ব সিরিয়ার তাল তামরের কাছে বিক্ষোভকারীরা এম৪ মহাসড়ক অবরোধ করেন। এতে শত শত তেলবাহী ট্যাংকার আটকা পড়ে। বিক্ষোভকারীরা জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তারা সড়কটি খুলবেন না।
জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি সিরিয়ায় ডিজেলের কালোবাজারও সক্রিয় হয়ে উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ জ্বালানি সংগ্রহের জন্য লাইসেন্সবিহীন শোধনাগারের দিকে যাওয়া তেলবাহী ট্যাংকার আটক করতে শুরু করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী।
সাম্প্রতিক মূল্যবৃদ্ধির আগে থেকেই সিরিয়ার জ্বালানি বাজারে দাম কয়েক দফা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৯৫ অকটেন পেট্রলের দাম প্রায় ৮৬ শতাংশ বেড়েছে। একই সময়ে ডিজেলের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।
অন্যদিকে একই সময়ে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৪৪ শতাংশ বেড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিরিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে বলে জাতিসংঘের হিসাব। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়ের পাশাপাশি খাদ্য ও অন্যান্য মৌলিক পণ্যের দামেও তার প্রভাব পড়ে।
সরকারের সর্বশেষ মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের পর দেশের বিভিন্ন অঞ্চলে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার কেন্দ্রীয় বিষয় জ্বালানির বাড়তি দাম। বিক্ষোভকারীদের একটি অংশ মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে।
অন্যদিকে সরকার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক বাস্তবতার মধ্যে জ্বালানি মূল্যের সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বলে বিষয়টি সামনে এসেছে।
ফলে যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের মধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধি সিরিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে।
‘
সূত্র: আল জাজিরা, ১৬ সেপ্টেম্বর ২০২৬।