11/08/2026 এলিফ্যান্ট রোডে ময়লা: দায়িত্বে অবহেলায় সিআই বরখাস্তের সিদ্ধান্ত
odhikarpatra
২০ September ২০২৬ ২১:৫৬
রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড় ও ধানমন্ডি-মিরপুর সড়ক এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিদর্শনের সময় সড়কে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা পরিদর্শক (সিআই) ও দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব এলাকা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় তিনি সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেন।
ডিএসসিসি প্রশাসক সাংবাদিকদের জানান, সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন সকাল ও বিকেলে পরিচ্ছন্নতার কাজ করেন। ওই দিন ভোরে বৃষ্টি এবং নিউমার্কেট এলাকায় অভিযান চলার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দায়িত্বে অবহেলার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
ফুটপাত দখল প্রসঙ্গে আবদুস সালাম বলেন, অনুমোদন ছাড়া যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসায়িক মালামাল রেখেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার উচ্ছেদ করার পরও যারা পুনরায় ফুটপাত দখল করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের এসির পানি রাস্তায় পড়ার বিষয়েও সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাস্তায় পানি জমে থাকা গ্রহণযোগ্য নয়। দোকান মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। প্রাথমিক অনুরোধ ও অভিযান পরিচালনার পরও নির্দেশনা না মানলে জরিমানার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসক।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।