09/22/2026 গর্ভধারণের পর সবারই ওজন বাড়ে’, ক্যাটরিনাকে নিয়ে ট্রোলিংয়ের প্রতিবাদ সালমানের
odhikarpatra
২১ September ২০২৬ ২২:৫৮
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা সালমান খান। সম্প্রতি মুম্বাইয়ে গণপতি উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার উপস্থিতির পর তার চেহারা ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে।
‘বিগ বস ২০’-এর সর্বশেষ ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে সালমান বলেন, গর্ভধারণের পর নারীর ওজন বাড়া স্বাভাবিক বিষয়। তিনি বলেন, সন্তান জন্মের পর কেউ কিছুটা ওজন বাড়ালে তাকে কেন ট্রোল করা হবে।
সালমানের ভাষ্য অনুযায়ী, ক্যাটরিনা যখন আবার সিনেমার কাজে ফিরবেন, তখন তিনি নিজের মতো করে ফিট হয়ে উঠবেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চাচ্ছেন—এ বিষয়টিকেও সম্মান করা উচিত বলে মন্তব্য করেন সালমান।
সালমান অনুষ্ঠানে ক্যাটরিনার নাম সরাসরি উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক সময়ে ক্যাটরিনাকে ঘিরে অনলাইন সমালোচনার পর তার এই মন্তব্যকে অনেক প্রতিবেদনেই অভিনেত্রীর প্রতি সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনলাইন ট্রোলিংয়ের বৃহত্তর সংস্কৃতি নিয়েও কথা বলেন সালমান। তার বক্তব্য, কারও চেহারা, ওজন, বয়স, পরিবার কিংবা ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে উপহাস করা উচিত নয়। নিজের বয়স ও চেহারা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখোমুখি হওয়ার কথা জানান তিনি।
সালমান বলেন, তার বয়স এখন ৬০ বছর এবং সবসময় ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সময়ের মতো দেখতে থাকা সম্ভব নয়। বয়স বাড়ার স্বাভাবিক পরিবর্তনকে নিয়ে কাউকে বিদ্রূপ করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে ক্যাটরিনাকে নিয়ে বিতর্কের মধ্যে পাকিস্তানি রেডিও জকি এজাজ ওয়ারিসও তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জানান, ক্যাটরিনাকে বডি-শেমিং করা তার উদ্দেশ্য ছিল না এবং নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার পোস্ট-প্রেগন্যান্সি শারীরিক পরিবর্তন নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তার মধ্যেই সালমানের এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।