09/27/2026 বিরোধীদের কর্মসূচি নিয়ে রিজভীর অভিযোগ: ‘৫ আগস্টের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছেন’
odhikarpatra
২৫ September ২০২৬ ২১:৪১
অধিকার পত্র ডেস্ক: বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত শক্তি উৎসাহিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ৫ আগস্টের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ‘সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, গুপ্ত-সুপ্ত দিয়ে যে ধরনের কথা বলছেন, সেই কথার মধ্যে দিয়ে আজকে পরাজিত শক্তি সাহস পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে। কোন সাহসের উপর ছাত্রদলের ছেলেদেরকে বলছে, কুকুরের মত তাদেরকে আপনারা মারবেন? ৫ আগস্টের বিজয়, আপনারা সেই বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যে গণতন্ত্রের পরিবেশ তৈরি করছে, এইখানে আপনারা লং মার্চ করছেন, আপনারা বিক্ষোভ সভা করছেন, আপনারা মঞ্চে উঠে হুংকার দিচ্ছেন—কাউকে কুকুরের মত মারবেন বলছেন, কাউকে আপনারা ধাওয়া করছেন এবং সরকারি সম্পত্তি আপনারা ধ্বংস করছেন।’
রাজশাহী রেলওয়ে স্টেশন ভাঙচুরের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘যেমন রাজশাহী রেলওয়ে স্টেশনে ধ্বংস করেছে এই গুপ্ত এবং সুপ্তের লোকজনরা।’
বিরোধী দলের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে পরিস্থিতি তৈরির অভিযোগেরও সমালোচনা করেন তিনি।
রিজভী বলেন, ‘আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, মিছিল করছে পরাজিত ফ্যাসিস্টরা। এইটার সুযোগ তৈরি করে দিয়েছে বিএনপি বলে আপনারা প্রচার করছেন, আরে ভাই তাহলে আপনারা কোন সুযোগে রেলওয়ে স্টেশন ভাঙছেন? আপনারা কোন সাহসের উপর ছাত্রদলের ছেলেদেরকে বলছে কুকুরের মত তাদেরকে মারবেন? এটা কোন সুযোগের উপরে বলছে? আপনারা কাদের কথা বলছেন?’
তিনি আরও বলেন, ‘আজকে ঢাকার বিভিন্ন জায়গায় বাংলাদেশে গাড়িতে আগুন লাগাচ্ছে কে? সিএনজিতে আগুন লাগাচ্ছে কে? ট্রেনে আগুন লাগাচ্ছে কে? আজকে আপনারাই সেই সুযোগ তৈরি করেছেন।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘আজকে আপনারা যে পরিস্থিতি তৈরি করেছেন, আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, গুপ্ত-সুপ্ত দিয়ে যে ধরনের কথা বলছেন, সেই কথার মধ্যে দিয়ে আজকে পরাজিত শক্তি সাহস পাচ্ছে, তারা উৎসাহিত হচ্ছে।’
৫ আগস্টের আন্দোলন ও নিহত তরুণদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘এই পরিস্থিতির জন্য ৫ আগস্ট এবং এই পরিস্থিতির জন্য ওয়াসিম আকরাম, আবু সাঈদ, আহনাফ, ফাইয়াজ, মুগ্ধ—অসংখ্য তরুণ যারা নিজের জীবন দিয়েছে, যারা গুলি খেয়ে তার বন্ধুকে পানি এগিয়ে দিয়েছে, এই যে এক মহান আত্মদানের দৃষ্টান্ত, জুলাই বিপ্লব যে মহান আত্মদানের দৃষ্টান্ত, ৫ই আগস্টের বিজয়—আপনারা সেই বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছেন।’
তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে পদদলিত করার চেষ্টা করা হচ্ছে।