09/26/2026 পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বাংলাদেশের
odhikarpatra
২৫ September ২০২৬ ২২:৩৭
অধিকার পত্র ডেস্ক: পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রদানের দাবিতে বাংলাদেশের দৃঢ় সমর্থন ও আহ্বান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি বাংলাদেশের এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের কার্যকর ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা ও সুস্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ ছাড়া গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যার গঠনগত পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম।
তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন সদস্য দেশের মন্ত্রী, প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংকটের সমাধানে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।