09/26/2026 চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
odhikarpatra
২৬ September ২০২৬ ১৮:৩৯
চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর ২০২৬: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে তাঁর উদ্দেশে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচিও পালন করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাত থেকেই চুয়েটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে পাহারা দিচ্ছেন তারা। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আন্দোলনের নতুন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে শুরু হওয়া এসব গ্রাফিতিতে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবি তুলে ধরা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, নতুন উপাচার্য নজিরবিহীনভাবে অনলাইনে যোগদান করেছেন। এ ছাড়া গণমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্যও অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেন তারা। এসব কারণেই লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাঁকে প্রত্যাখ্যানের প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
এদিকে একই দাবিতে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও। শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও শাটডাউন কর্মসূচির কারণে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, নতুন উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।