10/09/2026 ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন ২৬ অক্টোবর
odhikarpatra
৮ October ২০২৬ ১৫:৫৭
প্রতিবেদন: অধিকারপত্র ডটকম
মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৬ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন।
মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের অন্য আদালতে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
যেভাবে নিহত হন ট্রাকচালক হোসেন
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন।
ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নিহত হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
মামলাটির তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা এবং সাবেক ছাত্রলীগ নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনানের নাম রয়েছে।
মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ কয়েকজন কারাগারে এবং ১০ জন জামিনে রয়েছেন বলে মামলার তথ্য থেকে জানা গেছে।