10/10/2026 বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
odhikarpatra
৯ October ২০২৬ ২২:৫৭
অধিকারপত্র ডটকম,রাজনৈতিক ডেক্স:
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর
বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৯ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখতে হয়েছে। ছাত্র-জনতা স্বৈরাচারকে পরাজিত করার পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। ইউনূস সরকারের সময়ও এ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের আড়াল করা ও অপমান করার চেষ্টাকারীদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।