10/10/2026 ১৩তম গ্রেডে আবেদনের দাবিতে শাহবাগে ইবতেদায়ি শিক্ষকরা | অধিকার পত্র
odhikarpatra
৯ October ২০২৬ ২৩:৫৯
অধিকারপত্র ডেস্ক রিপোর্ট :শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬। ঢাকা :
এমপিওভুক্ত মাদ্রাসা নীতিমালা ২০২৬ অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকেরা। শুক্রবার সকাল ৯টায় জাতীয় জাদুঘরের সামনে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষকেরা অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসার এমপিও নীতিমালা অনুযায়ী, আগে নিয়োগ পাওয়া ইবতেদায়ি মৌলভি, ইবতেদায়ি শিক্ষক ও ইবতেদায়ি ক্বারীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ১৩তম গ্রেড পাওয়ার সুযোগ পাবেন। তবে প্রশাসনিক জটিলতা ও আবেদনের সুযোগ না থাকায় তাঁরা এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না। ফলে অনেক শিক্ষক তাঁদের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তাঁরা।
কর্মসূচির প্রধান সমন্বয়ক সাকিবুল হাসান সজিব বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর তাঁরা রাজপথে নেমেছেন। নীতিমালা প্রকাশের পরও আবেদনের সুযোগ না দেওয়াকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি দ্রুত নীতিমালার পূর্ণ বাস্তবায়ন এবং ১৩তম গ্রেডে আবেদনের জটিলতা নিরসনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
কর্মসূচি থেকে দুটি প্রধান দাবি তুলে ধরা হয়। প্রথমত, যোগ্যতা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য দ্রুত এমআইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষকরা।
দ্বিতীয়ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ি শিক্ষার্থীদেরও মিড-ডে মিল, উপবৃত্তি ও পোশাকসহ সমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে ঐক্য পরিষদের নেতারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী সময়ে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।