10/20/2026 গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি
odhikarpatra
১৯ October ২০২৬ ১৯:৫০
বিশেষ প্রতিবেদক, অধিকারপত্র ডটকম |
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬: গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার ব্যাপক সুযোগ রয়েছে। গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করলে তা জনগণের জন্য সবচেয়ে বেশি উপকার বয়ে আনে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাংবাদিকদের অধিকার ও কল্যাণে গুরুত্ব
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পেশাগত স্বার্থ সংরক্ষণে সাংবাদিক ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত করাসহ পেশার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে সম্মিলিতভাবে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি।
ডিআরইউর কার্যক্রম তুলে ধরেন প্রতিনিধিরা
সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনটির পরিচিতি এবং সদস্যদের জন্য পরিচালিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তাঁরা।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা।
রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর অংশগ্রহণ করা বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করেন। সাহসী ভূমিকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
ডিআরইউর উন্নয়নে সহায়তার বিষয়ে সদস্যদের আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। পাশাপাশি সংগঠনটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।