10/27/2026 শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
odhikarpatra
২৬ October ২০২৬ ২১:১০
বিশেষ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, তাদের মধ্যেই নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনা দেখতে পান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বঙ্গভবন পরিদর্শনে শিক্ষার্থীরা
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।
শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।
বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার আহ্বান
শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের সবসময় সম্মান করতে হবে। সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের আত্মত্যাগের কথাও মনে রাখতে হবে।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তাঁদের বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের প্রত্যাশাও পূরণ হবে।
বঙ্গভবন রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন শুধু একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের সাক্ষী।
ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গভবন, রাষ্ট্রব্যবস্থা ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ
বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে তাঁদের উৎসাহিত করেন তিনি।
রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।