10/27/2026 বাংলাদেশে কার্যক্রম বাড়াতে উইনরক ইন্টারন্যাশনালকে রাষ্ট্রপতির আহ্বান
odhikarpatra
২৬ October ২০২৬ ২১:৫৪
নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য উইনরক ইন্টারন্যাশনালের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসোদা মাকসুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে উইনরক ইন্টারন্যাশনালের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।
তিনি শিক্ষা ও কৃষিসহ অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতে সংস্থাটির চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে এর কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা এবং অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতি সংস্থাটির উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানবপাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।