11/09/2026 সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করতে দুর্নীতিমুক্ত ও সক্ষম সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির
odhikarpatra
৮ November ২০২৬ ২৩:৫৪
অধিকারপত্র ডেস্ক রিপোর্ট :
সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে সমবায় সমিতিগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তাদের সক্ষমতা বাড়ানো, উৎপাদিত পণ্যের কার্যকর বাজারজাতকরণ এবং প্রয়োজনীয় আইন যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে দেশের অধিকাংশ সমবায় সমিতি দুর্বল হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। সমবায় আন্দোলনের দীর্ঘ ইতিহাস ও সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলনকে সফল করতে হলে সমবায় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে।
তিনি সমবায় খাতের উন্নয়নে বিদ্যমান আইন সংশোধন ও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে সমবায় সমিতিগুলো যাতে দেশের এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে, সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে এনজিও কার্যক্রম অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছে। এর ফলে সমবায় আন্দোলন অনেকটা পিছিয়ে পড়েছে। তাই সমবায় প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে।
সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে বড় ধরনের সমস্যা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এসব পণ্য বাজারজাতকরণে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে সমবায়ভিত্তিক কোম্পানি গঠন করে উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সমিতিগুলোকে সহযোগিতা করা যেতে পারে।
তিনি বলেন, সমবায়ের মূল ধারণা হলো ঐক্যবদ্ধভাবে কাজ করা। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমবায় আন্দোলনের ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ১৯০৪ সালে এ আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি স্বনির্ভর বাংলাদেশ গঠনের উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে সম্পৃক্ত করার উদ্যোগ নেন।
রাষ্ট্রপতি আরও বলেন, জিয়াউর রহমান সমবায় আন্দোলনের পথিকৃৎ ড. আখতার হামিদ খানকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালকের দায়িত্ব দিয়েছিলেন। এর ফলে দেশের সমবায় আন্দোলন নতুন গতি পেয়েছিল।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমবায় উন্নয়নে অবদানের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বর্তমান সরকারের নেতৃত্বে সমবায় খাত আরও দ্রুত গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমবায় আন্দোলনের বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি বলেন, অতীতে সমবায়ের যে অবস্থান ছিল, তা এখন আর নেই। ধীরে ধীরে এই আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। তাই সমবায় আন্দোলনকে আবারও শক্তিশালী করতে নতুন উদ্যোগ প্রয়োজন।
তিনি সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো অনেক সমবায়ী প্রতিষ্ঠান ভালো কাজ করছে। সম্প্রতি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি সেখানকার কার্যক্রমের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি সমবায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা এখনো সমবায় আন্দোলনকে ধরে রেখেছেন। তবে শুধু ধরে রাখলেই হবে না, এটিকে সামনে এগিয়ে নিতে হবে। এ জন্য সমবায় আন্দোলনের কার্যক্রম আরও ব্যাপকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বক্তব্য দেন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব, সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম।
স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক সেলিম ফকির।
এ বছর সমবায় দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘করবো সমবায়, গড়বো দেশ। সবার জন্য বাংলাদেশ’।
অনুষ্ঠানে সফল সমবায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সমবায় আন্দোলন পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির
: সমবায় সমিতিকে দুর্নীতিমুক্ত, সক্ষম ও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত পড়ুন অধিকার পত্র ডটকম নিউজ লিংক কমেন্টে।
#সমবায় #জাতীয়সমবায়দিবস #রাষ্ট্রপতি #অধিকারপত্র