নিউজ ডেস্ক | অধিকারপত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ মঙ্গলবার বিকেলে শপথ নিতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই মন্ত্রিসভার আকার হচ্ছে ৫০ সদস্যের। যার মধ্যে তারেক রহমান নিজে নেতৃত্বে থাকছেন এবং তাঁর সঙ্গে থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। আজ সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ ও টেকনোক্র্যাট সদস্য
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় ঘটিয়েছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার বেশ কয়েকজন অভিজ্ঞ সদস্যের পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদেরও স্থান দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও সাবেক ফুটবলার আমিনুল হক এবং মোহাম্মদ আমিন উর রশীদ টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।
একনজরে ২৫ জন পূর্ণমন্ত্রী: তারেক রহমানের মন্ত্রিসভায় যারা পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন-
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু)
৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম (রিতা)
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন যাঁরা: তরুণ নেতৃত্ব ও মিত্র দলগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে প্রতিমন্ত্রীদের তালিকা-
উল্লেখযোগ্য নাম: জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ), ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, অনিন্দ্য ইসলাম অমিত এবং কায়সার কামাল। সম্পূর্ণ তালিকা: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এক ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি
বাংলাদেশের এই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। আজ বিশেষ ফ্লাইটে আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চপদস্থ প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই শপথ অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নবনির্বাচিত (মন্ত্রীবর্গ) ও প্রতিমন্ত্রীদের অনুষ্ঠানস্থলে নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪৯টি সরকারি গাড়ি।
-মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: