নিউজ ডেস্ক | অধিকারপত্র
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রোববার (৩ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন। আজ সোমবার (৪ মে) রিটকারী আইনজীবী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটের মূল বিষয়বস্তু
আবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:
তৎকালীন সরকারের আমলে প্রণীত বিভিন্ন আইন।
গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রম।
দেশি ও বিদেশি বিভিন্ন চুক্তির বৈধতা।
তদন্ত কমিশন গঠনের দাবি
রিট আবেদনে এসব কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিতে একটি শক্তিশালী অনুসন্ধান কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখার জন্য কমিশনের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে।
পূর্ববর্তী আইনি প্রেক্ষাপট
উল্লেখ্য যে এর আগেও এই আইনজীবী বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে রায় প্রদান করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেয় রাষ্ট্রপতি। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই বছরের ৮ আগস্ট এক রেফারেন্সে জানিয়েছিলেন যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে এবং জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতির নির্বাহী কার্য পরিচালনার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ ও শপথ পাঠ করাতে পারবেন।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: