odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬
বরিশালে ঘটনাকে ঘিরে তোলপাড়, অভিযোগের তদন্তে প্রশাসন; আরেক নেতাকে বহিষ্কার

আল্লাহর নামে’ ছেড়ে দেওয়া গরু জবাই করে বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৬ ১৭:০৩

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৬ ১৭:০৩

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক, 

মূল প্রতিবেদন
বরিশাল সদর উপজেলায় ‘আল্লাহর নামে’ ছেড়ে দেওয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল কবির ফরহাদের বিরুদ্ধে। এ ঘটনায় তার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই অভিযোগে শায়েস্তাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খানকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব কামরুল আহসানের অনুমোদনে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির দাবি, শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শামসুল কবির ফরহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে শাহীন খানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে একটি ষাঁড় জবাই করে কেজি দরে মাংস বিক্রি করা হয়। অভিযোগ উঠেছে, শামসুল কবির ফরহাদ ও তার সহযোগীরাই এই কাজ করেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি আরেকটি ষাঁড় কিনে এলাকায় ছেড়ে দেন।

ষাঁড়টির মালিক চাঁদপুরা ইউনিয়নের সোহেল হাওলাদার জানান, তিনি ধর্মীয় উদ্দেশ্যে ষাঁড়টি ‘আল্লাহর নামে’ ছেড়ে দিয়েছিলেন। পরে সেটি অন্য এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং সেখানেই জবাই করে বিক্রি করা হয়। তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত শামসুল কবির ফরহাদ দাবি করেছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনও অনিয়ম করেননি। তার ভাষ্য অনুযায়ী, এলাকাবাসীই ষাঁড়টি জবাই করে এবং সেই টাকায় আরেকটি গরু কিনে ছেড়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় একাধিক ব্যক্তি এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছেন, তার নির্দেশেই পুরো ঘটনা ঘটেছে।