অধিকারপত্র ডটকম
বিশেষ প্রতিনিধি
গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার সচিবালয়ে টেলিভিশন সম্পাদক পরিষদ-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে সরকারের দৃষ্টিভঙ্গি ছিল কেবল নিয়ন্ত্রণমূলক। তবে বর্তমান সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়ে স্বাধীন আইনি কাঠামোর আওতায় গণমাধ্যমের সামগ্রিক শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, শক্তিশালী নির্বাচন কমিশনের মতো একটি শক্তিশালী গণমাধ্যম কমিশনও জনগণের জন্য সুফল বয়ে আনবে। সরকার কোনোভাবেই কমিশনকে নিয়ন্ত্রণ বা প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না।
গণমাধ্যমকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, অনেক সময় কর ফাঁকি বা অবৈধ অর্থ সুরক্ষার উদ্দেশ্যে গণমাধ্যমের মালিকানা নেওয়া হয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান শ্রম আইন, ওয়েজ বোর্ড, বেতন-ভাতা, অবসর সুবিধা কিংবা ট্যাক্স-ভ্যাটের নিয়ম না মানলে তাদের লাইসেন্স প্রদান বা নবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে।
মন্ত্রী জানান, সরকার সঠিক তথ্যভিত্তিক ডিজিটাল টিআরপি সিস্টেম ও ডিজিটাল প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে। মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে ভবিষ্যতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন বণ্টন করা হবে না।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও আধুনিক প্রযুক্তির যুগে গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক ড. আব্দুল হাই সিদ্দিক, সদস্য সচিব জোবায়ের বাবুসহ তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী
#জহির_উদ্দিন_স্বপন #গণমাধ্যম_কমিশন #ডিজিটাল_টিআরপি #তথ্যমন্ত্রণালয় #টেলিভিশন_সম্পাদক_পরিষদ #অধিকারপত্র
অধিকারপত্র ডটকম রাষ্ট্রীয় বিজ্ঞাপন এআই প্রযুক্তি গণমাধ্যম নীতিমালা টেলিভিশন সম্পাদক পরিষদ প্রিন্ট কাউন্টিং ডিজিটাল টিআরপি তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম কমিশন জহির উদ্দিন স্বপন

আপনার মূল্যবান মতামত দিন: