প্রকাশ: ২০ মে ২০২৬, ২৩:২৫ অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক
মুল প্রতিবেদন,
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে UNICEF Bangladesh জানিয়েছে, সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ না পাওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে।
বুধবার ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব ও চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিনিধি Rana Flowers।
ইউনিসেফের তথ্যমতে, গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ মোট ১ কোটি ৭৮ লাখ ডোজ হামের টিকা পেয়েছে। তবে এটি দেশের মোট প্রয়োজনের মাত্র এক-তৃতীয়াংশ। দেশে বছরে প্রায় ৭ কোটি ডোজ টিকার প্রয়োজন হয়।
সংস্থাটি জানায়, সময়মতো পর্যাপ্ত টিকা সরবরাহ না পাওয়ায় দীর্ঘ সময় ধরে রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে বিপুলসংখ্যক শিশু নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয় এবং দেশে হাম সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। পরে তা বড় আকারের প্রাদুর্ভাবে রূপ নেয়।
সংবাদ সম্মেলনে ইউনিসেফ জানায়, এ সংকট অর্থ বা তহবিলের অভাবে তৈরি হয়নি। মূলত ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ সম্ভব হয়নি।
তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। রানা ফ্লাওয়ার্স বলেন, ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
তিনি নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মূল্যবান মতামত দিন: