odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 23rd May 2026, ২৩rd May ২০২৬
ইভিএম ও অনলাইন মনোনয়ন বাতিল, নির্দলীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইসির

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

odhikarpatra | প্রকাশিত: ২২ May ২০২৬ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২২ May ২০২৬ ২৩:৫৫

প্রকাশের সময়: ২২ মে ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

ঢাকা, ২২ মে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে এবং পোস্টারবিহীন নির্বাচন আয়োজনের পক্ষে রয়েছে নির্বাচন কমিশন।

তিনি জানান, সংশোধিত বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান বিধান বাতিল করা হবে। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগও রাখা হচ্ছে না।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। ফলে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। এছাড়া নির্দলীয় প্রার্থীদের জন্য বর্তমানে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সেটিও বাতিল করা হচ্ছে।

তিনি আরও জানান, উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে। তবে কতটুকু বাড়ানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ নির্বাচন কমিশন-এর এই জ্যেষ্ঠ কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের ব্যবস্থা থাকছে না। একই সঙ্গে ফেরারি আসামিরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত করা হবে এবং জুন মাসের মধ্যেই পুরো বিধি প্রণয়নের কাজ শেষ হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে জানিয়ে তিনি বলেন, কমিশন আগামী অক্টোবর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এর মধ্যে রয়েছে সরকারের নিরপেক্ষ অবস্থান, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের আপসহীন মনোভাব এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা ও নেতৃত্বের সক্ষমতা।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে। এজন্য দলগুলোকে মারামারি, ভাঙচুর ও উত্তেজনাকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করার ক্ষমতাও কমিশনের রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার

#অধিকারপত্র #নির্বাচনকমিশন #স্থানীয়সরকারনির্বাচন #ইসি #পোস্টারবিহীননির্বাচন #ইভিএম

কীওয়ার্ড: আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার নির্বাচন, পোস্টার, ইভিএম, নির্দলীয় নির্বাচন, আচরণবিধি



আপনার মূল্যবান মতামত দিন: