odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 31st May 2026, ৩১st May ২০২৬
পূর্ণাঙ্গ কমিটি ও নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা, ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি

কাউন্সিলের আগে যুবদল-স্বেচ্ছাসেবক দলে বড় পরিবর্তনের আভাস

odhikarpatra | প্রকাশিত: ৩০ May ২০২৬ ০১:৪৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ May ২০২৬ ০১:৪৬

প্রকাশিত: ৩০ মে ২০২৬, 

অধিকার পত্র ডেস্ক:

জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে। বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্ব, পূর্ণাঙ্গ কমিটি এবং সাংগঠনিক পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জাতীয় কাউন্সিলের আগেই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হতে পারে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে দলের নীতিনির্ধারণী পর্যায়ে একাধিক দফা আলোচনা হয়েছে।

যুবদলে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অপেক্ষা

২০২৪ সালের ৯ জুলাই যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হলেও প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। বর্তমানে ছয় সদস্যের আংশিক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দলীয় সূত্রের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ১৫১ ও ২৫১ সদস্যবিশিষ্ট দুটি পূর্ণাঙ্গ কমিটির খসড়া জমা দেওয়া হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় পদপ্রত্যাশী নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানা গেছে।

যুবদলের নেতৃত্বে আলোচনায় যেসব নাম

যুবদলের সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন আকরামুল হাসান, রেজাউল করিম পল, কামরুজ্জামান দুলাল, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও মোহা. আবু আতিক আল হাসান মিন্টুসহ আরও বেশ কয়েকজন নেতা।

তাদের অনেকে মনে করেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্যাতিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন করা উচিত।

স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের সম্ভাবনা

স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি এস এম জিলানী সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রতিমন্ত্রী হওয়ায় সংগঠনের কাজে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে দলীয় মহলে আলোচনা রয়েছে। এ কারণে সংগঠনটিতে নতুন নেতৃত্ব আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

দলীয় সূত্র বলছে, সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে পূর্ণকালীন নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।

স্বেচ্ছাসেবক দলে আলোচনায় যারা

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন ইয়াছিন আলী, ফখরুল ইসলাম রবিন, নাজমুল হাসান, নজরুল ইসলাম, কাজী মোখতার হোসাইন, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রহিম হাওলাদার সেতু, সাদরেজ জামান ও এস এম মোশাররফ হোসেন মুশুসহ আরও কয়েকজন নেতা।

নেতারা বলছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাবরণ, সাংগঠনিক দক্ষতা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত।

বিএনপি নেতাদের বক্তব্য

বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জানিয়েছেন, জাতীয় কাউন্সিল সামনে রেখে অঙ্গ সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপির জন্য এখন অন্যতম বড় চ্যালেঞ্জ সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করা। সে কারণেই জাতীয় কাউন্সিলের আগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা ক্রমেই জোরালো হয়ে উঠছে।



আপনার মূল্যবান মতামত দিন: