odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd August 2026, ২nd August ২০২৬
আলোচিত ঘটনার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত, দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

অবহেলায় মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার

odhikarpatra | প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৮

odhikarpatra
প্রকাশিত: ৪ June ২০২৬ ০২:১৮

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ১২:৪০ রাত | নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) এ কে এম আনিসুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী বৃহস্পতিবার বিকেলের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে বৃদ্ধা নুরুজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। একা বসবাসরত ওই বৃদ্ধার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পুলিশ জানায়, মৃত নুরুজাহান বেগমের তিন ছেলের মধ্যে একজন যুগ্ম-সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং অপর একজন কানাডাপ্রবাসী।

ঘটনার পর অভিযোগ ওঠে, সন্তানরা আর্থিকভাবে সচ্ছল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলেও বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এ ঘটনায় মানবিক দায়বদ্ধতা, পারিবারিক মূল্যবোধ এবং সন্তানদের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন হলে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপও বিবেচনা করা হতে পারে।

অবহেলায় মায়ের মৃত্যু: যুগ্ম-সচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার

#নুরুজাহানবেগম #একেএমআনিসুররহমান #মোংলাবন্দর #জনপ্রশাসনমন্ত্রণালয় #মিরপুর #ভরণপোষণআইন

 



আপনার মূল্যবান মতামত দিন: