odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th June 2026, ১০th June ২০২৬
১৮০ দিনের কর্মসূচির আওতায় খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সেবা কার্যক্রম শুরু হবে

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১০ June ২০২৬ ১৯:৩৮

odhikarpatra
প্রকাশিত: ১০ June ২০২৬ ১৯:৩৮

প্রকাশ: ১০ জুন ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

অধিকারপত্র ডটকম

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় দেশের পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি অনুমোদিত হলে আগামী ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণকে ই-হেলথ কার্ড সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে। এই কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।

তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার বিভিন্ন খাতে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে। নারী প্রধানকে ফ্যামিলি কার্ড প্রদানের পাইলট প্রকল্পে এ পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষক কার্ডের প্রি-পাইলটিং পর্যায়ে ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে এবং শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এসব খালের মোট দৈর্ঘ্য ৯৬৫ দশমিক ০৪ কিলোমিটার।

তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে। আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব ইলিজিবিলিটির ভিত্তিতে ঋণ গ্রহণ সহজ করা হয়েছে।

জ্বালানি খাতে অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

ক্রীড়া ক্ষেত্রে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে তিনি তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: