অধিকারপত্র ডটকম
বিশেষ প্রতিনিধি , ঢাকা
প্রকাশ: ২০ জুলাই ২০২৬
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক অতীতের মতো ভবিষ্যতেও অটুট থাকবে। তিনি বলেন, “আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। আসুন, জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।”
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ধৈর্য ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো বিভেদের সুযোগ নেই। জনগণের সমর্থনই সরকারের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, এই সমর্থন ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্র সংস্কারের ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, এই কর্মসূচি এখন শুধু একটি দলের নয়, বাংলাদেশের জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সমমনা রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিল না, তারা এখন আন্দোলনের কৃতিত্ব দাবি করার চেষ্টা করছে। এ ধরনের অপশক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণকে স্বস্তি দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপিসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
তারেক রহমান প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা যুগপৎ আন্দোলন রাষ্ট্র সংস্কার যমুনা রাজনৈতিক ঐক্য বাংলাদেশ রাজনীতি।

আপনার মূল্যবান মতামত দিন: