odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd July 2026, ২২nd July ২০২৬

শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২১ July ২০২৬ ২২:২৩

odhikarpatra
প্রকাশিত: ২১ July ২০২৬ ২২:২৩

অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনের ভিত্তি নির্মাণে মশিউর রহমান যাদু মিয়ার অবদান ছিল অনস্বীকার্য।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জননেতা মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময়ে দেশের প্রচলিত রাজনৈতিক ধারাগুলো সংকটে পড়ে। সে সময় সমসাময়িক পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতের রাজনৈতিক পথরেখা নির্ধারণে যাদু মিয়া গুরুত্বপূর্ণ দূরদর্শিতার পরিচয় দেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক বিকাশের ইতিহাসে যাদু মিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সামরিক কর্মকর্তাকে ধাপে ধাপে রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তাঁর চিন্তা, দর্শন এবং রাজনৈতিক প্রজ্ঞা পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে ভূমিকা রাখে বলে মন্তব্য করেন মন্ত্রী।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, যাদু মিয়ার দূরদর্শী সিদ্ধান্তের ফলেই দেশে জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণেও তাঁর রাজনৈতিক দর্শন প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার আবু সালেহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ। স্মারক বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ দিদার বখত, জ্যেষ্ঠ সাংবাদিক গাজীউল হাসান খান, মোস্তফা কামাল মজুমদার এবং রাজনৈতিক বিশ্লেষক রিটা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বক্তারা মশিউর রহমান যাদু মিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: