odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th July 2026, ২৮th July ২০২৬

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

odhikarpatra | প্রকাশিত: ২৭ July ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৭ July ২০২৬ ২৩:৫৯

মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

অধিকারপত্র ডেস্ক

রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সংবিধান ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে দলীয় সিদ্ধান্ত অনুসারে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। চলতি বছরের শেষের দিকে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষি খাতের বিষয়ে মন্ত্রী জানান, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। একই সঙ্গে রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি একাধিকবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বিএনপিকে ফ্যাসিবাদী বলার অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে তিনি বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম



আপনার মূল্যবান মতামত দিন: