odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st August 2026, ১st August ২০২৬
ব্রিকস সম্মেলনের আমন্ত্রণপত্র নিয়ে বিতর্ক; কারিগরি বিষয় পরে জানানো হবে বলে জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণের প্রশ্নে সরাসরি জবাব এড়াল ভারত

Special Correspondent | প্রকাশিত: ১ August ২০২৬ ০০:২৫

Special Correspondent
প্রকাশিত: ১ August ২০২৬ ০০:২৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে না, বরং ‘বিমসটেকের সভাপতি’ হিসেবে আমন্ত্রণ জানানো নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (৩১ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ থেকে কিছু মহলে আপত্তি তোলা হয়েছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাঁর প্রধান পদবি প্রধানমন্ত্রী বাদ দিয়ে কেবল বিমসটেকের চেয়ার বা সভাপতি হিসেবে সম্বোধন করা হয়েছে, যা অনেকে অপমানজনক বলে মনে করছেন। এ বিষয়ে আমন্ত্রণের প্রকৃত স্বরূপ কী ছিল—তা স্পষ্ট করার অনুরোধ জানানো হয়।

এর সরাসরি কোনো জবাব না দিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘ব্রিকসের আমন্ত্রণ সম্পর্কে আপনাদের প্রশ্নের বিষয়ে বলি, আমরা ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। সব ধরনের প্রস্তুতির সঙ্গে এটি আয়োজন করা হচ্ছে। আমন্ত্রণ ও কারিগরি বিষয়ে পরে আপনাদের হালনাগাদ তথ্য (আপডেট) দেব।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৩ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমন্ত্রণপত্রটি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে যা জানাল ভারত

ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের চলমান ঢাকা সফর নিয়েও প্রশ্ন করা হয়। মার্কিন রাষ্ট্রদূতের আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে কোনো অবগতি করা হয় কি না এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন যে, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বিষয়।

তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশ সফর নিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা ঢাকার দেওয়া উচিত। কারণ, এটি সংশ্লিষ্ট দুই দেশের বিষয়। এছাড়া ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের মধ্যকার বৈঠক প্রসঙ্গে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান তিনি।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

                                         



আপনার মূল্যবান মতামত দিন: