অধিকারপত্র ডটকম ব্রাহ্মণবাড়িয়া, ১০ সেপ্টেম্বর ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি ও মারধরের ঘটনায় রফিক মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই বাগানবাড়িতে বসে সালমান মিয়া ও বশির আহমেদ মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক সেখানে গিয়ে তাঁদের খেলা দেখতে থাকেন। একপর্যায়ে তিনি খেলায় ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করেন।
এ নিয়ে সালমান ও বশিরের সঙ্গে রফিকের কথা কাটাকাটি শুরু হয়। পরে স্থানীয় মাহফুজ মিয়া ও ধলু মিয়া ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন।
স্থানীয়দের ভাষ্য, এর প্রায় পাঁচ মিনিট পর সালমান আবার ক্ষিপ্ত হয়ে রফিকের গলা চেপে ধরেন এবং কিলঘুষি মারেন। এতে রফিক মাটিতে পড়ে অচেতন হয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই জিলু মিয়া জানান, লুডু খেলার সময় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সালমান ও বশির রফিককে মারধর করেন। এরপরই তার মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর সালমান মিয়া ও বশির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে বড় ধরনের বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকলেও কিলঘুষির কিছু চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থলে গাছ ও কাঠ থাকায় কোনো কিছুর সঙ্গে চাপ লেগে যাওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
: নাসিরনগরে লুডু খেলায় মারধর, দিনমজুরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লুডু খেলার ‘চাল’ ভুল ধরাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিক মিয়া নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
#নাসিরনগর #ব্রাহ্মণবাড়িয়া #রফিকমিয়া #লুডু #মৃত্যু #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: