অধিকার পত্র ডটকম | বিশেষ প্রতিনিধি
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম প্রণয়নের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস পরিবর্তন এবং সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক ব্যবস্থা উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে কৃত্রিমভাবে পাশের হার বাড়িয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল।
তিনি জানান, বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর আহ্বান
উন্নত বিশ্বের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবা, সহযোগী স্বাস্থ্যসেবা, কারিগরি ও উচ্চতর শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ছয় মাস ও এক বছর মেয়াদি স্বল্পমেয়াদি দক্ষতা উন্নয়ন কোর্স চালুর আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, এ ধরনের কর্মমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব হবে।
পাশাপাশি দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে পারফর্মিং আর্টস কলেজ প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সমাবর্তনে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ
সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে উপাচার্যকে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।
