odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬
অভিবাসনকে উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখার আহ্বান; নিরাপদ শ্রম অভিবাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতার ওপর গুরুত্ব

সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৬ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৬ ২৩:৫৫

অধিকারপত্র ডটকম, অনলাইন ডেক্স:

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬: নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অভিবাসনকে উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা উচিত।

বৃহস্পতিবার বঙ্গভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে ড. তাসনিম সিদ্দিকী আরএমএমআরইউ-এর ৩০ বছরের গবেষণা, মাঠপর্যায়ের কার্যক্রম ও বিভিন্ন অর্জন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, শ্রম অভিবাসন, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও নীতিগত পর্যায়ে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।

এ সময় অভিবাসীদের অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার উদ্যোগের বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

সাক্ষাতে অভিবাসী কর্মীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যবস্থায় সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং অভিবাসীদের ইতিবাচক অবদানকে উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে আরএমএমআরইউ-এর গবেষণা ও নীতিগত উদ্যোগ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে জাতীয় পর্যায়ে ককাস গঠন এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

আরএমএমআরইউ-এর নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

প্রতিনিধিদলে আরএমএমআরইউ-এর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার, উপ-নির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক মারিনা সুলতানা এবং সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জন বিভাগের সচিবও উপস্থিত ছিলেন।