odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬
কোটি টাকা দিলেও ছেলেকে আর ফেরত পাব না’—বিবেকের তাড়নায় ক্ষতিপূরণের টাকা নিলেন না মানিক

সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণের ৩০ হাজার টাকা ফিরিয়ে দিলেন বাবা

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৬ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৬ ২৩:৫৫

কক্সবাজার প্রতিনিধি

অধিকার পত্র ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় সড়ক দুর্ঘটনায় শিশু মো. তামিমের মৃত্যুর ঘটনায় স্থানীয় সালিশে নির্ধারিত ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছেন তার বাবা মানিক। সন্তানের জীবন কোনো অর্থের বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়—এমন উপলব্ধি থেকেই তিনি টাকা নিতে অস্বীকৃতি জানান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিপূরণের টাকাগুলো ফেরত দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দুপুরে পেকুয়া উপজেলার মগনামা সাবমেরিন ঘাঁটি সড়কের চেপ্টাখালী এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু তামিম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেন। পরে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

এ সময় টমটম মালিকপক্ষ মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরীর কাছে ৩০ হাজার টাকা জমা দেন। চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহত শিশুর পরিবারকে ওই টাকা গ্রহণের অনুরোধ জানান।

তবে নিহতের বাবা মানিক টাকা নিতে অস্বীকৃতি জানান। পরে টাকাগুলো মালিকপক্ষকে ফেরত দেওয়া হয়।

মানিক বলেন, “কোটি টাকা দিলেও ছেলেকে আর ফেরত পাব না। এই টাকা নিলে মৃত ছেলের আত্মা ও নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকব। বিবেকের কাছে পরিষ্কার থাকতেই টাকাটা ফেরত দিয়েছি।”

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, সন্তান হারানোর বেদনা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। মানিকের এই সিদ্ধান্ত একটি গভীর মানবিক শিক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে।

তিনি বলেন, মানিকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মালিকপক্ষকে টাকা ফেরত দেওয়া হয়েছে।

 

 

সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণের ৩০ হাজার টাকা ফিরিয়ে দিলেন বাবা!

কক্সবাজারের পেকুয়ায় টমটমের ধাক্কায় শিশু তামিমের মৃত্যুর পর স্থানীয় সালিশে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সেই টাকা নিতে রাজি হননি তামিমের বাবা মানিক।

তার ভাষ্য, “কোটি টাকা দিলেও ছেলেকে আর ফেরত পাব না।” বিবেকের কাছে পরিষ্কার থাকতেই তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন।

মানিকের এই সিদ্ধান্ত স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

#পেকুয়া #কক্সবাজার #শিশু_তামিম #সড়ক_দুর্ঘটনা #ক্ষতিপূরণ #মগনামা #অধিকারপত্র