অধিকার পত্র ডটকম | আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে বা ঠিক কবে শেষ হবে—এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত পরিকল্পনা দেননি তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও দাবি করেছেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, সংঘাতের অবসানের পর তেলের দামও আগের পর্যায়ে নেমে আসবে।
এর আগে ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প প্রকাশ্যে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইরান বুধবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রতিক্রিয়া পেয়েছে এবং বিষয়টি দেশটির শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছিলেন। হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধ অবসানের সম্ভাব্য শর্ত নিয়ে এসব আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন সাম্প্রতিক সময়ে যুদ্ধ শুরুর আগের মাত্রার কাছাকাছি পৌঁছেছে। কেপলারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে।
তবে যুদ্ধের অবসান নিয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি এবং মার্কিন অবরোধসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’—ট্রাম্পের দাবি, তবে জানালেন না কবে
#ইরানযুদ্ধ #ট্রাম্প #ইরান #যুক্তরাষ্ট্র #হরমুজপ্রণালি #মধ্যপ্রাচ্য #IranWar #Trump #অধিকারপত্র
