অধিকারপত্র ডটকম/ জাতীয় ডেক্স:
বিশেষ প্রতিবেদক | অধিকার পত্র ডটকম**
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, পরিবেশের সৌন্দর্য ধরে রাখতে স্থানীয় জনগণকে দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে পরিবেশদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।
দুই মাসে আমিনবাজারে দৃশ্যমান পরিবর্তন
প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি আশপাশের মানুষের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এখন সেই সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ধরে রাখার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদেরও নিতে হবে। সবার সহযোগিতা থাকলে এলাকাটিকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব।
মহাসড়কের দুই পাশে সবুজায়নের উদ্যোগ
আমিনবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা জেলার আওতাধীন আশপাশের এলাকাগুলোতেও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে থাকা মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কিছু স্থানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের দেওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব জায়গা উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও আশপাশের এলাকার সৌন্দর্য আরও বাড়বে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান
এলাকার পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে।
তারেক রহমান বলেন, মানুষ যেন নির্মল পরিবেশে বুকভরে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ঢাকা জেলা প্রশাসক আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে দেশের অন্যান্য জেলার প্রশাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যান্য জেলার জেলা প্রশাসকেরাও নিজ নিজ এলাকার অনুরূপ স্থানগুলো পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
