অধিকারপত্র ডটকম | ৪ নভেম্বর ২০২৬
ন্যূনতম বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শ্রমিক-পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে ঢাকা পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।
সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্মার মোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রতিবেদন অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহন সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে।
এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। তাঁরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সরিয়ে দেয়।
বেলা ১১টার দিকে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে নিশ্চিন্তপুর ও হেমায়েতপুর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, তিন দফা দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
আশুলিয়া শ্রমিক সাংবাদিকের ওপর হামলা Odhikarpatra আশুলিয়া শ্রমিক সাংবাদিকের ওপর হামলা পুলিশের গাড়িতে আগুন পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন হেমায়েতপুর শ্রমিক বিক্ষোভ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সাভারে শ্রমিক আন্দোলন পুলিশের গাড়িতে আগুন পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন হেমায়েতপুর শ্রমিক বিক্ষোভ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ আন্দোলন সাভারে শ্রমিক আন্দোলন
