odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনে অন্যতম শক্তি : ত্রাণ প্রতিমন্ত্রী

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৬ December ২০২১ ০৬:২১

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৬ December ২০২১ ০৬:২১

 

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২১  : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে নারীরা এখন দুর্যোগ সহনীয় সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম শক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। এক সময় বাংলাদেশে নারীরা যে কোন দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হতো। কিন্তু এ চিত্র অভাবনীয়ভাবে পাল্টে গেছে।
সিপিপির স্বেচ্ছাসেবক কাঠামোয় নারী স্বেচ্ছাসেবক সংখ্যা পুরুষের এক-তৃতীয়াংশ ছিল বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, সক্ষমতা, অংশগ্রহণ ও নেতৃত্বেও তারা পিছিয়ে ছিল। এ অসমতা দূর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন’ দিবসে সিপিপিতে ১৮ হাজার ৫০৫ জন ‘নতুন নারী স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্তি’ উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী আজ সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘জাতিসংঘ জনসেবা পদক-২০২১’ অর্জন উপলক্ষ্যে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে উপকূলীয় এলাকায় সিপিপির ৭৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে, যার অর্ধেক নারী। সিপিপির প্রশিক্ষিত ও উপকরণে সজ্জিত নারী স্বেচ্ছাসেবকগণ বর্তমানে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ।
তিনি বলেন,  নারীর ব্যাপক অংশগ্রহণের ফলে উপকূলীয় এলাকায় বিশেষতঃ নারীদের মধ্যে দুর্যোগের আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয় সম্পর্কে সচেতনতা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
এনামুর রহমান বলেন, ১৯৭৪ সালে ওয়ারল্যাসের মাধ্যমে ঘূর্ণিঝড় প্রস্তুতি  কর্মসূচির স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। গড়ে তোলেন বিশাল এক স্বেচ্ছাসেবক বাহিনী সিপিপি। 
তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক সাজে সজ্জিত করার ফলে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতেই নারীর ক্ষমতায়নে উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অর্জনে জেন্ডার-রেসপন্সিভ সেবা’ ক্যাটাগরিতে বাংলাদেশকে গৌরবময় পদক দিয়েছে জাতিসংঘ।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।



আপনার মূল্যবান মতামত দিন: