odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

চট্টগ্রামসহ সারাদেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ১৮ January ২০২৫ ২১:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১৮ January ২০২৫ ২১:৩৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রামসহ সারাদেশের পাহাড় ও টিলা কাটা বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউসে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করে বনের ম্যাপিং করা হচ্ছে এবং পাহাড় কাটা বন্ধে নিয়মিত টহলের ব্যবস্থা নেয়া হবে। কেউ এই অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, ইটভাটা, শব্দদূষণ এবং পলিথিন শপিং ব্যাগ বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।

রিজওয়ানা বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বন উজাড় রোধ, পানির টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে জোর দেন।

সভায় চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

পরিবেশ উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ, কে, এম, তাহমিদুল ইসলামসহ চট্টগ্রাম বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: