ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) সিআইডির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এই অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ফয়সাল করিম মাসুদসহ তার স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থপাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু হয়। এ সময় দ্রুত ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিট পাঠানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার এবং বিভিন্ন আলামতের ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
তদন্তে আরও উঠে এসেছে, মামলার আলামত গোপন এবং অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে ফয়সালের পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা বিভিন্ন ব্যাংকের চেকবই পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ইস্যু করা বেশ কয়েকটি চেকে বিপুল অঙ্কের অর্থের উল্লেখ রয়েছে। এসব অসম্পন্ন লেনদেনের পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা।
তবে প্রাথমিক বিশ্লেষণে সিআইডি নিশ্চিত হয়েছে, বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার লেনদেন হয়েছে, যা মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
এছাড়া অভিযুক্ত ও তার সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে এসব অর্থের উৎস চিহ্নিত করা এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে একাধিক তদন্ত দল কাজ করছে।
এদিকে, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনো পলাতক। তাকে গ্রেপ্তার এবং পুরো অপরাধচক্র উন্মোচনে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
🔴 ওসমান হাদি হত্যা মামলায় অর্থপাচারের বিস্ফোরক তথ্য: ফয়সাল–সংশ্লিষ্টদের হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
#OsmanHadi #HadiMurder #MoneyLaundering #CID #ফয়সালকরিম #বাংলাদেশ #CrimeNews
