সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল আমিন বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। ব্যক্তিগত কাজ শেষে কুমিল্লা থেকে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁকে বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁকে (নুরুল আমিন) বহনকারী গাড়ির সামনে পড়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সংসদ সদস্য নুরুল আমিন মাথায়, কপালে ও কোমরে আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর তাঁকে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম শহরে নেওয়া হয়েছে।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’

আপনার মূল্যবান মতামত দিন: