নিউজ ডেস্ক | অধিকারপত্র
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ৮টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এবং সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাস করা হয়। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
গুমের বিচারে সরকারের দৃঢ় অঙ্গীকার
পাস হওয়া বিলগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬। বিলটি উত্থাপনের সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানান, নতুন এই সংশোধনীতে গুম বা বাধ্যতামূলক নিখোঁজকে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, গুমের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এই আইনটি তারই প্রতিফলন। যারা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের জন্য এই আইনটি একটি স্পষ্ট জবাব। তবে আইনমন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রীর মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন এবং এ নিয়ে আলোচনার দাবি জানান।
পাস হওয়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিল
এদিন আইন, পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত মোট ৮টি বিল পাস হয়। উল্লেখযোগ্য বিলগুলো হলো:
আইন ও বিচার: ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, দেওয়ানি আদালত (সংশোধন) বিল এবং রেজিস্ট্রেশন (সংশোধন) বিল ২০২৬।
পানিসম্পদ: পানিসম্পদ প্রতিমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উত্থাপিত ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬।
স্বাস্থ্য ও শিক্ষা: নাম পরিবর্তনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল ।
স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কয়েকটি বিল উত্থাপন করেন। এছাড়া ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল সংসদে উত্থাপন করা হলেও তা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে।
বিশেষ কমিটির সুপারিশ ও পরিসংখ্যান
সংসদ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন করে আনার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের পাস হওয়া ৮টি বিলই বিশেষ কমিটি কর্তৃক হুবহু অনুমোদনের জন্য সুপারিশকৃত ছিল।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: