অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :
মূল প্রতিবেদন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে যুবলীগ নেতা মঈনুল হাসান মুন্নার রাজনৈতিক দল পরিবর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৪ আগস্ট পর্যন্ত তিনি ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে মিছিলে অংশ নিলেও পরবর্তীতে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপির ছায়াতলে সক্রিয় হয়ে ওঠেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় মৃত আজাদ হোসেন নান্নুর বড় ছেলে মঈনুল হাসান মুন্না (৩৬) তার চাচা, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আহমেদ বাচ্চুর নেতৃত্বে এলাকায় প্রভাব বিস্তার করেন। তাদের বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসা ও ড্রেজিং বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে মুন্না বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন এবং বর্তমানে স্থানীয় এক বিএনপি নেতার ছায়াতলে থেকে পূর্বের কার্যক্রম পরিচালনা করছেন।
এদিকে সম্প্রতি উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি স’মিল থেকে কোলা ইউনিয়নের থরিগাঁও পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক কার্পেটিং কাজ শুরু হলে সেখানে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভয়ভীতি দেখিয়ে রাস্তার গাইড ওয়াল নির্মাণ কাজ নিজের নিয়ন্ত্রণে নেন মুন্না।
কাজ পাওয়ার পর থেকে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণসামগ্রী পরিবর্তনের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি বলে জানা গেছে।
আরও অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ আমলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও সাম্প্রতিক ছাত্র হত্যা মামলায় তাদের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব বিষয় ম্যানেজ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মঈনুল হাসান মুন্না বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কখনো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। অবৈধ কোনো ব্যবসার সঙ্গেও তিনি জড়িত নন বলে দাবি করেন।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখানে ক্ষমতার পালাবদলে যুবলীগ নেতা মুন্নার দল পরিবর্তনের অভিযোগ
#সিরাজদিখান #মুন্সীগঞ্জ #রাজনীতি #দলবদল #অভিযোগ

আপনার মূল্যবান মতামত দিন: