অধিকার পত্র ডটকম আন্তর্জাতিক ডেস্ক | ২৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী ঘিরে অবরোধ পরিস্থিতিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সমুদ্রপথে সামরিক উপস্থিতি বাড়ানো, জাহাজ জব্দ এবং পাল্টা পদক্ষেপের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংলাপ শুরু করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো কার্যত অবরোধ করে রেখেছে এবং তেল পরিবহন বন্ধ করতে অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন ইরানি তেলবাহী জাহাজ জব্দ করা হয়েছে এবং নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। অন্যদিকে, ইরানও পাল্টা শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজ জব্দ ও সামুদ্রিক নিয়ন্ত্রণ দেখানোর চেষ্টা করছে।
বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের “গানবোট কূটনীতি”, যেখানে উভয় পক্ষই শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাইছে। এই অচলাবস্থার মধ্যেই পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার উদ্যোগ নিয়েছে। ইসলামাবাদ চায়, যুক্তরাষ্ট্র অবরোধ শিথিল করুক এবং ইরান আলোচনায় ফিরুক। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, চাপ ও হুমকির মধ্যে কোনো আলোচনা
তারা গ্রহণ করবে না। কূটনৈতিক সূত্রে জানা গেছে, নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও অবস্থানের ওপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করলেও একই সঙ্গে অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ হরমুজ প্রণালী বিশ্বে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

আপনার মূল্যবান মতামত দিন: