অধিকারপত্র ডটকম
আন্তর্জাতিক ডেস্ক
লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। জোট সরকার ভেঙে যাওয়ার পর বৃহস্পতিবার (১৫ মে) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সম্প্রতি ইউক্রেনের একটি ড্রোন লাটভিয়ার পূর্বাঞ্চলের একটি পরিত্যক্ত তেল সংরক্ষণাগারে আঘাত হানলে সেখানে আগুন লাগে। এ ঘটনায় সম্ভাব্য হুমকি মোকাবিলায় দ্রুত ড্রোন-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করার অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে পদত্যাগে বাধ্য করেন প্রধানমন্ত্রী সিলিনা।
তবে এ সিদ্ধান্তের প্রতিবাদে জোট সরকারের শরিক প্রগ্রেসিভ পার্টি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। দলটির অভিযোগ, সামগ্রিক নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতে প্রতিরক্ষামন্ত্রীকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
প্রগ্রেসিভ পার্টির সমর্থন হারানোর ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায় মধ্য-ডানপন্থি নিউ ইউনিটি দলের নেত্রী এভিকা সিলিনার নেতৃত্বাধীন সরকার।
পদত্যাগের ঘোষণায় সিলিনা বলেন, “আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।”
তিনি আরও বলেন, “এখন এবং সবসময়ই আমার অগ্রাধিকার লাটভিয়ার জনগণের কল্যাণ ও নিরাপত্তা। দল ও জোট পরিবর্তন হতে পারে, কিন্তু লাটভিয়া অটুট থাকবে।”
দেশটির সংবিধান অনুযায়ী এখন প্রেসিডেন্ট এডগার রিঙ্কেভিচস অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্বও তার ওপর বর্তাবে।
বিশ্লেষকদের মতে, বিভিন্ন নীতিগত ইস্যুতে মতবিরোধের কারণে তিন দলীয় জোট সরকারের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছিল। জোটের সবচেয়ে বড় শরিক নিউ ইউনিটি দলের সংসদে ২৫টি আসন রয়েছে। এছাড়া কৃষিভিত্তিক দল জেডজেডএসের ১৬টি এবং বামপন্থি প্রগ্রেসিভস দলের ৯টি আসন রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরেই লাটভিয়ায় জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ইউক্রেন ড্রোন প্রগ্রেসিভ পার্টি নিউ ইউনিটি আন্দ্রিস স্প্রুডস এডগার রিঙ্কেভিচস ইউরোপীয় রাজনীতি লাটভিয়া এভিকা সিলিনা

আপনার মূল্যবান মতামত দিন: