odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬
মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় ৯ জন গ্রেপ্তার; ঘটনাস্থল থেকে লুট করা মালামালভর্তি দুই ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর ও লুট: গ্রেপ্তার ৯

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৬ ১৭:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৬ ১৭:১৫

অধিকারপত্র ডটকম, নগর প্রতিনিধি 

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে লুট করা মালামালভর্তি দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার আখতার হোসেন এক বিবৃতিতে এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।

পুরো স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

পুলিশ ও মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। এর মধ্যে একটি স্থায়ী ভবন ও তিনটি আধা-পাকা ভবন ছিল।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রতিষ্ঠানের সামনে ‘Samomona Do22 Association Limited’ নামের একটি সাইনবোর্ড টাঙিয়ে যায়।

রাড্ডা কর্তৃপক্ষের দাবি, হামলার সময় বিপুল পরিমাণ টিকা ও অফিসের বিভিন্ন সরঞ্জাম লুট করা হয়েছে।

নিরাপত্তাকর্মীদের মারধর ও বেঁধে রাখার অভিযোগ

ঘটনার পর রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আক্তার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, একদল ব্যক্তি দেয়াল টপকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। তাদের হাতে হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা রাতের নিরাপত্তাকর্মী আন্দ্রিও সরকার ও আবদুল হাইকে মারধর করে বেঁধে রাখেন। পরে এক্সকাভেটর দিয়ে পরিবার পরিকল্পনা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা এবং ক্লিনিকের ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের কোয়ার্টার ভেঙে ফেলা হয়।

এ সময় আল্ট্রাসাউন্ড, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালা ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করার অভিযোগও রয়েছে।

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুটের অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, হামলাকারীরা ওষুধ ও চিকিৎসাসামগ্রী, আল্ট্রাসাউন্ড মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এয়ার কন্ডিশনার ও স্টিলের আলমারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

নিরাপত্তাকর্মীদের হুমকি দেওয়ার পর ঘটনাস্থলে একটি সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড টাঙানো হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

৫০ বছর ধরে সেবা দিয়ে আসছে রাড্ডা

রাড্ডার তথ্য অনুযায়ী, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গত ৫০ বছর ধরে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।

আগেই গ্রেপ্তার ৪

পুলিশ জানায়, ঘটনায় শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, নতুন করে আরও পাঁচজন গ্রেপ্তার হওয়ায় এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং লুট হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।