প্রকাশ: ০৬ জুন ২০২৬
আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাও আহত হয়েছেন। পরিবারের দাবি, সেনাদের থামার নির্দেশ মেনে গাড়ি থামানোর পরও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
শুক্রবার (৫ জুন) হেবরনের তেল রুমিদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম স্যাম ফাহদ আবু হাইকাল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশুর বাবা ও বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফাহদ আবু হাইকাল জানান, পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ইসরাইলি সেনারা তাদের থামার সংকেত দেয়। তিনি গাড়ি থামিয়ে স্টিয়ারিং হুইলে হাত রাখার পরপরই সেনারা গুলি চালায়।
তার ভাষ্য অনুযায়ী, একটি গুলি তার হাত ভেদ করে পেছনের আসনে মায়ের কোলে থাকা শিশু স্যামকে আঘাত করে। ওই গাড়িতে তাদের ১১ বছর বয়সী আরেক সন্তান এবং তার মাও উপস্থিত ছিলেন।
ফাহদ আবু হাইকাল বলেন, “গাড়ির জানালাগুলো রঙিন ছিল না, তখন দিনের আলো ছিল। সৈনিকরা স্পষ্ট দেখতে পাচ্ছিল যে গাড়ির ভেতরে একটি পরিবার রয়েছে। তারপরও তারা গুলি চালায়।”
অন্যদিকে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, সৈন্যরা একটি গাড়িকে তাদের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখেছিল। এ কারণে একজন সৈনিক গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান। পরে তদন্তে জানা যায়, আহতরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং বেসামরিক নাগরিক ছিলেন।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ঘটনার ফলে তিনজন ফিলিস্তিনি আহত হন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় বেসামরিক ব্যক্তিদের ক্ষতি হওয়ায় তারা গভীর দুঃখ প্রকাশ করেছে। ঘটনাটি পর্যালোচনাধীন রয়েছে বলেও জানানো হয়।
তবে ইসরাইলি বাহিনীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ফাহদ আবু হাইকাল। তিনি বলেন, সৈনিকটি তার গাড়ি থেকে মাত্র ১০ মিটার দূরে অবস্থান করছিল এবং পরিষ্কারভাবেই পরিবারের সদস্যদের দেখতে পেয়েছিল।
ঘটনাটি নতুন করে অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনাকে সামনে নিয়ে এসেছে।
ইসরাইলি সেনাদের গুলিতে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশু নিহত
#ফিলিস্তিন #ইসরাইল #পশ্চিম_তীর #হেবরন #শিশুহত্যা #মানবাধিকার #আন্তর্জাতিক #অধিকারপত্র
ফিলিস্তিন ইসরাইল পশ্চিম তীর হেবরন স্যাম ফাহদ আবু হাইকাল ইসরাইলি সেনাবাহিনী গুলি বেসামরিক নাগরিক । মানবাধিকার

আপনার মূল্যবান মতামত দিন: